NEWSTV24
মধ্যপ্রাচ্যের যুদ্ধ কতদিন চলবে
বুধবার, ০৪ মার্চ ২০২৬ ১৬:২৫ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

মধ্যপ্রাচ্যে জ্বলে ওঠা আগুন কতদিন জ্বলবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে এখন বিশ্বরাজনীতি, জ্বালানি বাজার ও কূটনৈতিক অঙ্গনের নজর। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের হামলায় নিহত হওয়ার পরে এখন মধ্যপ্রাচ্যের নানা দিকে ছড়িয়ে পড়েছে সংঘর্ষ। আয়াতুল্লাহ আলী খামেনিকে হামলা চালিয়ে হত্যা করার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা নিজেদের দেশের সরকারকে উৎখাত করে। সেই আহ্বান, পাল্টাহুমকি আর ক্ষেপণাস্ত্রের শব্দে প্রশ্ন উঠেছে; এই যুদ্ধ কি দ্রুত শেষ হবে, নাকি গড়াবে দীর্ঘ ও অনিশ্চিত সময়ের সংঘাতে।ইরানও পাল্টাহামলা চালিয়ে ইসরায়েল, বাহরাইন, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, সৌদি আরব, সাইপ্রাসের ওপরে ক্ষেপণাস্ত্র আর ড্রোন নিক্ষেপ করেছে। হরমুজ প্রণালি দিয়ে চলাচল করা জাহাজেও হামলা করেছে ইরান। ফলে সংঘাত এখন শুধু দুই দেশের সীমায় আবদ্ধ নেই; তা রূপ নিয়েছে আঞ্চলিক নিরাপত্তা ও বৈশ্বিক অর্থনীতির জন্য বড় ঝুঁকিতে।

ইরান-সমর্থিত লেবাননের শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহও সংঘর্ষে যোগ দিয়ে লেবাননের অভ্যন্তরে তাদের ঘাঁটিগুলো থেকে ইসরায়েলের দিকে রকেট ছুড়ছে। জবাবে ইসরায়েলও লেবাননে হিজবুল্লাহর ঘাঁটিগুলোতে হামলা চালিয়ে ধ্বংস করে দিচ্ছে। অর্থাৎ সংঘাতের পরিধি এখন একাধিক ফ্রন্টে বিস্তার লাভ করেছে। ইরান-ইসরায়েল সরাসরি সংঘর্ষ, উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি, লেবানন সীমান্ত এবং সমুদ্রপথ সবখানে অনিশ্চয়তার জালে আটকে গেছে।

ইরানে কী হচ্ছে?

যুক্তরাষ্ট্র আর ইসরায়েল গত শনিবার ইরানের ক্ষেপণাস্ত্র পরিকাঠামো, সামরিক স্থাপনা আর শীর্ষ নেতৃত্বের ওপরে ব্যাপক হামলা শুরু করে। প্রথম দফার হামলাতেই আয়াতুল্লাহ আলী খামেনির পরিসরটি মাটিতে মিশিয়ে দেওয়া হয়; নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা।ইসরায়েল ডিফেন্স ফোর্সেস জানায়, বেশ কয়েকজন জ্যেষ্ঠ ইরানি রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসির বেশ কয়েকজন নেতা নিহত হন। তাদের মধ্যে আছেন নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি, প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহ এবং আইআরজিসির কমান্ডার জেনারেল মুহম্মদ পাকপৌর। এরপর আহমেদ ভাহিদিকে নতুন সর্বোচ্চ কমান্ডার হিসেবে ঘোষণা করে আইআরজিসি। ইরানি রেড ক্রিসেন্টের তথ্য অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত দেশটিতে ৭৮৭ জনের মৃত্যু হয়েছে।ইরানি কর্মকর্তারা বলছেন, দেশটির দক্ষিণাঞ্চলে আইআরজিসির একটি ঘাঁটির কাছাকাছি একটি স্কুলে হামলা চালানো হয়, যেখানে শিশুসহ ১৫০ জনেরও বেশি নিহত হন। ইরানের ইন্টারনেট সংযোগ প্রায় পুরোপুরি বন্ধ। দেশটির আকাশসীমাও বন্ধ করে দেওয়া হয়।রবিবার যুক্তরাষ্ট্র আর ইসরায়েলে নতুন করে হামলা চালায় রাজধানী তেহরানসহ বিভিন্ন জায়গায়। ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, ইরানি নৌবাহিনীর সদর দপ্তর ধ্বংস করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড, সেন্টকম সোমবার জানায় ওমান উপসাগরে তারা ১১টি ইরানি জাহাজ ডুবিয়ে দিয়েছে। এখন ওই এলাকায় আর কোনো ইরানি জাহাজ নেই বলেও দাবি করা হয়।

অন্তহীন যুদ্ধ হবে না : নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত সোমবার ফক্স নিউজকে এক সাক্ষাৎকারে বলেছেন, ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার ফলে সৃষ্ট মধ্যপ্রাচ্য সংঘাত অন্তহীন বা দীর্ঘমেয়াদি যুদ্ধে রূপ নেবে না, তবে কিছুটা সময় লাগতে পারে। খবর বার্তা সংস্থা এএফপির। তিনি ফক্স নিউজকে দেওয়া ওই সাক্ষাৎকারে বলেন, এই সামরিক অভিযান হবে দ্রুত ও সিদ্ধান্তমূলক পদক্ষেপ। তিনি আরও বলেন, এতে কিছুটা সময় লাগতে পারে, তবে এটি বছরের পর বছর সময় লাগবে না।