NEWSTV24
নিয়ন্ত্রণে আসছে না আইনশৃঙ্খলা
বুধবার, ১৭ জুন ২০২৬ ০৮:৫৪ পূর্বাহ্ন
NEWSTV24

NEWSTV24

রাজধানী ঢাকাসহ সারা দেশে বিশেষ অভিযানেও লাগাম টানা যাচ্ছে না আইনশৃঙ্খলা বিপর্যয়ের। খুন, ধর্ষণ, ছিনতাই, মব, ডাকাতি, অপহরণ, অস্ত্রের মহড়া, শীর্ষ সন্ত্রাসীদের আধিপত্যের লড়াই ও অবৈধ অস্ত্রের ঝনঝনানি বাড়ছে উদ্বেগজনকভাবে। অপরাধীদের হাতে আক্রান্ত হচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যও। এতে পুলিশের প্রতি মানুষের আস্থাহীনতা আরও তীব্র হচ্ছে। এভাবে চলতে থাকলে সামনের দিনগুলোয় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন স্বয়ং পুলিশ কর্মকর্তারা।পুলিশের দাবি, মানুষের আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা দিনদিন বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। কোথাও কঠোর অবস্থানে গেলে ফ্যাসিস্ট আমলের পুলিশ ট্যাগ দিয়ে হামলার চেষ্টা করা হচ্ছে। এ কারণে অনেকটা নড়বড়ে পুলিশিং চলছে সারা দেশে। আর এ সুযোগটা নিচ্ছে অপরাধীরাও।ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক বলেন, রাষ্ট্রীয় কাঠামোর সঙ্গে সরকারের সদিচ্ছার সমন্বয়, সরকারদলীয় নেতা-কর্মীদের আইন মেনে চলতে বাধ্য করা ও মূল অপরাধীদের আইনের আওতায় আনতে পারলে একটি দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক থাকে। কিন্তু এ জায়গাগুলোতে অনেক ঘাটতি রয়েছে। তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতির উন্নতি ঘটেছে। কিন্তু সেটি স্থিতিশীল হচ্ছে না। ১৬-১৭ বছরের নির্যাতনের উদাহরণ টেনে রাজনৈতিক নেতা-কর্মীরা প্রতিশোধপরায়ণ হচ্ছেন। অপরাধ অর্থনীতিতে আধিপত্যের লড়াই চলছে। সাধারণ মানুষও আইন হাতে তুলে নিচ্ছে। পুলিশ আক্রমণের শিকার হচ্ছে। এ রকম পরিস্থিতিতে সরকারকেই আরও কঠোরভাবে উদ্যোগী হতে হবে, যাতে সব শ্রেণি-পেশার মানুষ আইন মেনে চলে।

পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, গত তিন মাসে (মার্চ-মে) দেশে ৯১৫ হত্যা, ৪৬১ ছিনতাই, ১৩২ ডাকাতি, ২৮৬ অপহরণ, ২ হাজার ৪৬৬ চুরি ও ৩৯৬টি অস্ত্র আইনে মামলা হয়েছে। ওই তিন মাসে পুলিশের ওপর হামলা ঘটেছে ১৮৪টি। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) তথ্য বলছে, মে মাসে মব সহিংসতায় প্রাণ হারিয়েছেন ৩১ জন ও আহত হন ৬৮ জন। ৬৪ রাজনৈতিক সহিংসতায় নিহত হয়েছেন পাঁচজন এবং আহত হয়েছেন ২৮৯ জন। সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর তিনটি হামলায় পাঁচজন আহত হয়েছেন। ছয়টি বসতবাড়িতে হামলা ও ভাঙচুর এবং একটি ভূমি দখলের ঘটনা ঘটেছে। ৩০৫ নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। ৭৬ নারী ও কন্যাশিশু যৌন নিপীড়নের শিকার হয়েছে। সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে ১৭ নারী ও শিশু। আইনশৃঙ্খলা বিপর্যয়ের সবশেষ চিত্র ফুটে উঠেছে গতকাল ছিনতাইকারী গ্রেপ্তারের অভিযানে গিয়ে চাপাতির কোপে রাজধানীর আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম ও এসআই তরুণ আহত হওয়ার ঘটনায়। রাজধানীর অন্যতম অপরাধপ্রবণ এ এলাকাটিতে অপরাধীদের হামলা নিয়ন্ত্রণে গুলি ছোড়ে পুলিশ। এতে দুই ছিনতাইকারী আহত হন। গুলিশের ওপর হামলার আগে ছিনতাইকারী চক্রটি চাপাতি ঠেকিয়ে এক দোকান থেকে ছিনতাইও করে। এর আগে নারায়ণগঞ্জ, সুন্দরবনসহ বিভিন্ন এলাকায় হামলার শিকার হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।