ভারতের দক্ষিণাঞ্চলীয় কেরালা রাজ্যের ওয়ানাড় জেলায় নির্মাণাধীন টানেল প্রকল্পে ভয়াবহ ভূমিধসে অন্তত পাঁচ নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার কাল্লাডি এলাকায় আনাক্কমপয়িল-মেপ্পাডি টুইন টানেল প্রকল্পে এই দুর্ঘটনা ঘটে। ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন শ্রমিক আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজদের উদ্ধারে বড় ধরনের অভিযান শুরু করেছে প্রশাসন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভারি বর্ষণের কারণে পাহাড়ের মাটি দুর্বল হয়ে পড়ায় আকস্মিক ভূমিধসের ঘটনা ঘটে। পাহাড়ের একটি বড় অংশ ধসে নির্মাণাধীন টানেলের প্রবেশপথের ওপর আছড়ে পড়ে। দুর্ঘটনার আগের মুহূর্তের দৃশ্য সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে বলে জানা গেছে।
কেরালার ওয়ানাড় জেলার কাল্লাডিতে অবস্থিত এই আনাক্কমপয়িল-মেপ্পাডি টুইন টানেল প্রকল্পের মাধ্যমে মালাপ্পুরম ও ওয়ানাড় জেলার মধ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নত করার কাজ চলছে। ঘটনাস্থলটি গত বছর ভয়াবহ মুন্ডাক্কাই ভূমিধসপ্রবণ এলাকার কাছাকাছি হওয়ায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।
দুর্ঘটনার পরপরই পুলিশ, দমকল বাহিনী, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এবং জেলা প্রশাসনের একাধিক দল উদ্ধারকাজে নামে। মীনাঙ্গাড়ি ও কোঝিকোড থেকে প্রায় ৬০ জন এনডিআরএফ সদস্য ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ভারী যন্ত্রপাতির সাহায্যে কাদা ও পাথরের স্তূপ সরিয়ে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের চেষ্টা চলছে।
উদ্ধারকারী দলের সদস্যরা জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকা পড়ে থাকতে পারেন। প্রকল্প এলাকার আশপাশে শ্রমিকদের থাকার জায়গা ছাড়াও কয়েকটি বাড়ি ও হোমস্টে রয়েছে, ফলে নিখোঁজের সংখ্যা নিয়ে সতর্কতার সঙ্গে কাজ করছে প্রশাসন।
কেরালার মুখ্যমন্ত্রী ভি ডি সতীশন জানিয়েছেন, দুর্ঘটনায় সাতজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
কেরালায় বর্ষাকালে পাহাড়ি এলাকায় ভূমিধস একটি বড় প্রাকৃতিক দুর্যোগ হিসেবে দেখা দেয়। বিশেষজ্ঞদের মতে, অনিয়ন্ত্রিত পাহাড় কাটা, পরিবেশের ভারসাম্যহীনতা ও দ্রুত অবকাঠামো নির্মাণের কারণে এসব এলাকায় ঝুঁকি আরও বাড়ছে।
রাজ্য সরকার নিহত শ্রমিকদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে এবং আহত ও ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে। তথ্যসূত্র: আল-জাজিরা