NEWSTV24
ট্রাম্পের হুমকির পর ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা শুরু
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ১০:৫৬ পূর্বাহ্ন
NEWSTV24

NEWSTV24

মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, মধ্যপ্রাচ্যে তাদের ওপর ইরানের কথিত আকস্মিক হামলার জবাবে তারা দেশটির বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরু করেছে। মার্কিন সেনাদের ওপর হামলা চেষ্টার জবাবে ট্রাম্পের ইরানকে খুব কঠোরভাবে আঘাতের হুমকির পরপরই এ অভিযান শুরু হয়। ব্রিটিশ বার্তাসংস্থা বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানান হয়।মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে জানিয়েছে, মঙ্গলবার জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং হরমুজ প্রণালিতে থাকা জাহাজগুলোর ওপর ইরানের হামলার প্রতিক্রিয়ায় এ অভিযান চালানো হচ্ছে।এর আগে সংঘাত নতুন মাত্রা পায়, যখন যুক্তরাষ্ট্র ও সৌদি আরব প্রথমবারের মতো যৌথভাবে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ইরাকে হামলা চালায়।চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, যুদ্ধ মাত্র কয়েক সপ্তাহ স্থায়ী হবে। কিন্তু পাঁচ মাস পেরিয়ে গেলেও সংঘাত থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

এরই মধ্যে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, বুধবার সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়, বৈঠকে সৌদি আরব উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে। তবে এ বিষয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।কয়েক দিনের তুলনামূলক শান্ত পরিস্থিতির পর আবারও সংঘাত তীব্র হয়ে উঠেছে। সম্প্রতি উভয় পক্ষই হামলা স্থগিত রেখে কূটনৈতিক সমাধানের সম্ভাবনায় আলোচনা শুরুর ইঙ্গিত দিয়েছিল। ট্রাম্প আলোচনাকে খুবই বন্ধুত্বপূর্ণ বলে উল্লেখ করলেও তেহরান এমন কোনো আলোচনা হওয়ার কথা অস্বীকার করে।নতুন হামলার ঘোষণার কয়েক ঘণ্টা আগে ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, মার্কিন সেনাদের ওপর হামলার চেষ্টার জবাবে ইরানকে খুব কঠোরভাবে আঘাত করা হবে। তিনি বলেন, এবার আঘাত করার পালা আমাদের। তারা জানে কী আসছে, এমনকি তারা আমাদের এটি না করতে অনুরোধও করেছে।

অন্যদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, আমেরিকার আগ্রাসনের জবাবে তারা জর্ডানে একটি মার্কিন বিমানঘাঁটি ও একটি কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে। একই সঙ্গে আইআরজিসি জানায়, হরমুজ প্রণালিতে সতর্কবার্তা উপেক্ষা করে চলাচল করায় তিনটি তেলবাহী ট্যাংকারেও তাদের নৌবাহিনী হামলা চালিয়েছে।গত শুক্রবার টানা ১৩ রাত ধরে চলা বোমা হামলা স্থগিত করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। যুক্তরাষ্ট্রের দাবি, ওই অভিযানে ইরানের অস্ত্রভাণ্ডার ও সামরিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করা হয়েছিল। হামলায় একাধিক প্রাণহানির খবর পাওয়া যায়।এদিকে মঙ্গলবার সেন্টকম জানায়, গত ৭২ ঘণ্টায় আইআরজিসি-সমর্থিত ৩০টির বেশি ড্রোন হামলার জবাবে পূর্ব ইরাকে একাধিক অস্ত্র ও রসদ সরবরাহ কেন্দ্র লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব যৌথ হামলা চালায়।ইরাকের ইরান-সমর্থিত শিয়া আধাসামরিক জোট পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ) জানিয়েছে, ওই হামলায় তাদের অন্তত ২০ সদস্য নিহত হয়েছেন।ইরাকের প্রেসিডেন্সি এ হামলার নিন্দা জানিয়ে একে দেশের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে। তবে ট্রাম্প ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেন, হামলাগুলো ইরাক সরকারের সঙ্গে সমন্বয় করেই চালানো হয়েছে।