NEWSTV24
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ১২:৪৩ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

বাংলাদেশ থেকে তিন লাখ এবং মালয়েশিয়া থেকে পাঁচ হাজার রোহিঙ্গাকে নিজ দেশে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে মিয়ানমারের জান্তা সরকার। গত বুধবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সাংবাদিকদের এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।প্রধানমন্ত্রী জানান, মিয়ানমারের সামরিক জান্তার সঙ্গে মালয়েশিয়ার সুদৃঢ় কূটনৈতিক যোগাযোগ ও ধারাবাহিক আলোচনার মাধ্যমেই এই দীর্ঘদিনের অচলাবস্থা নিরসন করা সম্ভব হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক সংকটের ক্ষেত্রে কার্যকর ও সতর্ক কূটনীতির কোনো বিকল্প নেই এবং মিয়ানমারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ফলেই এ সফলতা এসেছে।উল্লেখ্য, ২০১৭ সালের অগাস্টে রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর সহিংস অভিযানের মুখে প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নেয়। পূর্বে অবস্থানরতদের মিলিয়ে বর্তমানে কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে ১৫ লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছে। চুক্তি ও কয়েক দফার আন্তর্জাতিক প্রচেষ্টা সত্ত্বেও নিরাপত্তার অভাব এবং পরবর্তীতে মিয়ানমারে ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর এই প্রত্যাবাসন প্রক্রিয়া পুরোপুরি থমকে গিয়েছিল।প্রত্যাবাসন সমঝোতার পাশাপাশি মালয়েশিয়ায় অবস্থানরত রোহিঙ্গাদের প্রতি কঠোর হুশিয়ারি উচ্চারণ করেছেন আনোয়ার ইব্রাহিম। তিনি জানান, কোনো রোহিঙ্গা যেন রাস্তায় বা জনসমাগমস্থলে বিশৃঙ্খলা সৃষ্টি না করে, সে বিষয়ে পুলিশ মহাপরিদর্শককে নির্দেশ দেওয়া হয়েছে। মালয়েশিয়ার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না বলেও তিনি স্পষ্ট বার্তা দেন।