ইন্দোনেশিয়ার মাদুরা দ্বীপের উপকূলে একটি যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ অন্তত ৪১ জন। দুই শতাধিক যাত্রীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।রোববার দেশটির তল্লাশি ও উদ্ধারকারী সংস্থা এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।দুর্ঘটনার সময় ফেরিটিতে মোট ২৭১ যাত্রী ও ক্রু ছিলেন। তাদের মধ্যে ২২৫ জনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। নিখোঁজদের সন্ধানে এখনও জোরালো তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। যাত্রীবাহী ফেরিটি পূর্ব জাভা প্রদেশের সুরাবায়া থেকে দক্ষিণ সুলাওয়েসির মাকাসার শহরের দিকে যাচ্ছিল। ঠিক কী কারণে ফেরিটিতে এমন ভয়াবহ আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়। রয়টার্স।