বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ 'হরমুজ প্রণালী'র ওপর নিজেদের একচ্ছত্র প্রাধান্য প্রতিষ্ঠার নতুন প্রয়াস চালাচ্ছে ইরান। সম্প্রতি ওমানের সঙ্গে চলা দ্বিপাক্ষিক আলোচনায় আগামী ১ থেকে ৩ মাসের জন্য একটি অস্থায়ী ব্যবস্থা চালুর প্রস্তাব দিয়েছে তেহরান, যেখানে সমুদ্রপথটির নিরাপত্তা ও নিয়ন্ত্রণের মূল দায়িত্ব থাকবে ইরানের হাতে।
ইরানি সমঝোতা কমিটির সদস্য সাঈদ আজোরলু রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি (IRIB)-কে জানান, হরমুজ প্রণালীর মধ্য দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা প্রদান, মাইন অপসারণ এবং সার্বিক সামুদ্রিক পরিষেবা সম্পূর্ণভাবে পরিচালনা করে ইরান। তাই এই রুটের আইনি কাঠামো যুদ্ধপূর্ব অবস্থায় ফিরিয়ে না নিয়ে, ইরানের ওপর এককভাবে এই দায়িত্ব ন্যস্ত করার দাবি জানানো হচ্ছে।
ইরানি কর্তৃপক্ষের দাবি, যুক্তরাষ্ট্রের সাথে কোনো আলোচনা নয়, বরং প্রণালীর দক্ষিণ সীমান্তে অবস্থিত ওমানের সঙ্গেই দ্বিপাক্ষিক সমঝোতা করছে তারা। সাম্প্রতিক এক চুক্তির অনুচ্ছেদ-৫ লঙ্ঘনের অভিযোগ তুলে ইরান জানায়, যুক্তরাষ্ট্র ওমান উপকূলের কাছে একটি পৃথক দক্ষিণ করিডোর খুলে চুক্তি লঙ্ঘন করেছে। অথচ প্রাথমিক চুক্তি অনুযায়ী কেবল একটিই করিডোর ব্যবহার করার কথা বলা হয়েছিল।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, ওমানের সঙ্গে আলোচনার মাধ্যমে আপাতত একটি নির্দিষ্ট সাময়িক মধ্যবর্তী রুট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যা চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত কার্যকর থাকবে।
তবে ইরানের এই কঠোর অবস্থানের কারণে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ এবং বিশ্বের অন্যতম ব্যস্ত বাণিজ্যপথে নতুন করে ভূ-রাজনৈতিক উত্তেজনা সৃষ্টির আশঙ্কা প্রকাশ করছেন বিশ্লেষকরা।