NEWSTV24
আসিফ আকবর দেশটাকে লুটে যাচ্ছে লুটেরা, কড়া সমালোচনায় আসিফ আকবর
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ১৭:৪৯ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, বিচার ব্যবস্থার বৈষম্য এবং সাধারণ মানুষের ভূমিকা নিয়ে সামাজিক মাধ্যমে দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার এই পোস্ট প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

স্ট্যাটাসে আসিফ অভিযোগ করেন, ছোটখাটো অপরাধে সাধারণ মানুষ কঠোর শাস্তি পেলেও বড় দুর্নীতিবাজরা রাজনৈতিক প্রভাব খাটিয়ে পার পেয়ে যান। তার ভাষ্য, সামান্য অপরাধে জনরোষ দেখা গেলেও দেশের সম্পদ লুটকারীরা শেষ পর্যন্ত জনপ্রতিনিধি হয়ে ওঠেন, আর সেই সুযোগ করে দেয় সাধারণ মানুষই।

রাজনীতির দুষ্টচক্রের সমালোচনা করে তিনি লেখেন, মানুষ বারবার প্রতিশ্রুতির ফাঁদে পড়ে ভুল নেতৃত্বকে প্রতিষ্ঠিত করে। পরে সেই নেতৃত্বের কারণেই ভোগান্তির শিকার হয় জনগণ। একই সঙ্গে তিনি উচ্চশিক্ষিত দুর্নীতিবাজদেরও তীব্র সমালোচনা করেন।

পোস্টে তিনি ইতিহাস টেনে উল্লেখ করেন, ১৯৫৬ সালের ৩ আগস্ট মুক্তি পাওয়া প্রথম সবাক বাংলা চলচ্চিত্র মুখ ও মুখোশ-এর ৭০ বছর পূর্তির প্রসঙ্গ। সেই সূত্র ধরে বর্তমান রাজনৈতিক বাস্তবতা, ক্রীড়া প্রশাসন এবং রাষ্ট্র পরিচালনা নিয়েও কটাক্ষ করেন এই গায়ক।

স্ট্যাটাসের শেষাংশে দেশের বর্তমান পরিস্থিতির জন্য সাধারণ মানুষকেই দায়ী করেন আসিফ আকবর। তার দাবি, দেশের বাইরের শত্রুর চেয়ে ভেতরের বিভক্তি, সাংস্কৃতিক আধিপত্য ও গণমাধ্যমের একটি অংশই বড় সংকট তৈরি করছে। একই সঙ্গে তিনি সতর্ক করেন, এ পরিস্থিতিতে সবচেয়ে বেশি মূল্য দিচ্ছে দেশের তরুণ প্রজন্ম ও তাদের পরিবার, আর সুবিধা ভোগ করছে প্রভাবশালী একটি শ্রেণি।

আসিফ আকবরের এই মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে পক্ষে-বিপক্ষে নানা প্রতিক্রিয়া দেখা গেছে।