সকল ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বৃদ্ধির সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন। একই সঙ্গে জনজীবনে বাড়তি চাপ ও পরিবহন খাতে সম্ভাব্য অস্থিরতা বিবেচনায় নিয়ে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার অথবা পুনর্বিবেচনার দাবি জানিয়েছে সংগঠনটি।
সোমবার (২১ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি কবির আহমদ ও সাধারণ সম্পাদক সেলিম পাটওয়ারী এ দাবি জানান। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব পড়বে পরিবহন খাতে। যানবাহন পরিচালনার ব্যয় বেড়ে যাওয়ায় পরিবহন শ্রমিক ও মালিকদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হবে। এর প্রভাব শেষ পর্যন্ত সাধারণ যাত্রী ও ভোক্তাদের ওপর পড়ার আশঙ্কা রয়েছে। ফলে পরিবহন ব্যয় বৃদ্ধির পাশাপাশি জনজীবনে নতুন করে প্রভাব পড়বে।
তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং আয়-ব্যয়ের অসামঞ্জস্যের কারণে শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষ ইতোমধ্যে চাপে রয়েছেন। এ অবস্থায় একসঙ্গে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়াবে। বিশেষ করে পণ্য পরিবহন ব্যয় বাড়লে এর প্রভাব নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও পড়তে পারে। পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতারা বলেন, দেশের অর্থনীতি ও যোগাযোগব্যবস্থা সচল রাখতে পরিবহন শ্রমিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু তাদের ন্যায্য মজুরি, কর্মনিরাপত্তা, সামাজিক সুরক্ষা ও জীবনযাত্রার মান নিশ্চিত করার ক্ষেত্রে এখনও নানা সংকট রয়েছে। জ্বালানি ব্যয় বৃদ্ধির অতিরিক্ত চাপ শ্রমিকদের জীবনযাত্রাকে আরও কঠিন করে তুলবে।
বিবৃতিতে তারা জ্বালানি মূল্য নির্ধারণে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে পরিবহন শ্রমিকদের স্বার্থ সুরক্ষা, যাত্রীদের ওপর অতিরিক্ত ভাড়া চাপিয়ে না দেওয়া, পণ্য পরিবহন ব্যয় নিয়ন্ত্রণ এবং জ্বালানি বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। নেতৃবৃন্দ বলেন, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা ও জীবনযাত্রার ব্যয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে সরকারকে জ্বালানি মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে। জনদুর্ভোগ লাঘব এবং পরিবহন খাতে স্থিতিশীলতা বজায় রাখতে অবিলম্বে কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা।
বার্তা প্রেরক
আতাউর রহমান
সিনিয়র রিপোর্টার