NEWSTV24
পশ্চিমবঙ্গে খ্রিষ্টানদের ওপর হামলা-হয়রানি বেড়েছে, অভিযোগ ধর্মীয় নেতাদের
রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ১৭:৫৪ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

ভারতের পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় আসার পর খ্রিষ্টান সম্প্রদায়ের ওপর হামলা ও হয়রানির ঘটনা বেড়েছে বলে অভিযোগ করেছেন দেশটির খ্রিষ্টান ধর্মীয় নেতারা। তাঁদের দাবি, রাজ্যটিতে গির্জা ভাঙচুর, প্রার্থনাসভায় বাধা এবং যাজকদের ওপর শারীরিক নির্যাতনের ঘটনা ঘটছে।

শনিবার (২১ নভেম্বর) কলকাতায় ভারতের বিভিন্ন এলাকার ৩৫ জন খ্রিষ্টান ধর্মীয় নেতা এক বৈঠকে এসব অভিযোগ নিয়ে আলোচনা করেন। তাঁদের অভিযোগ, গত মে মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপি পশ্চিমবঙ্গের নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের পর থেকে এসব ঘটনা বেড়েছে। পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী সংগঠন বঙ্গীয় খ্রিষ্টীয় পরিষেবার প্রতিষ্ঠাতা-সম্পাদক হেরড মল্লিক বলেন, গত ৪ মে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর থেকে তাঁদের সংগঠন ৬০টি ঘটনার তথ্য নথিভুক্ত করেছে।

এএফপিকে তিনি জানান, এসব ঘটনার মধ্যে ব্যক্তিগত প্রার্থনাসভা ও বাড়িভিত্তিক গির্জায় ৫২টি তল্লাশি এবং আটটি সংঘবদ্ধ হামলা ও শারীরিক নির্যাতনের ঘটনা রয়েছে। তবে এএফপি এসব পরিসংখ্যান স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

মল্লিক বলেন, ভুক্তভোগী ও ঘটনাগুলো অনুসন্ধানে যাওয়া প্রতিনিধিদল বারবার এসব ঘটনার সঙ্গে উগ্র ডানপন্থী সংগঠনগুলোর সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছে। তাঁর অভিযোগ, বিভিন্ন গোষ্ঠী রোববারের প্রার্থনাসভায় বাধা দিয়েছে, উপাসনাকারীদের পরিচয়পত্র দেখতে চেয়েছে এবং তাঁদের বিরুদ্ধে হিন্দুদের জোরপূর্বক ধর্মান্তরিত করার অভিযোগ তুলেছে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, তিনি অভিযোগগুলো খতিয়ে দেখবেন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। শনিবারের বৈঠকের আগে বিজেপি অভিযোগ করেছিল, রাজ্যের কিছু প্রতিষ্ঠান জোরপূর্বক ধর্মান্তরের ঘটনায় সহায়তা করেছে।

বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য সম্প্রতি অভিযোগ করেন, কলকাতা থেকে প্রায় ২২৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে শিল্পনগরী আসানসোলে জোরপূর্বক ধর্মান্তরের ঘটনা ঘটছে। কলকাতার একটি পরিচিত খ্রিষ্টান মিশনারি স্কুলের বিরুদ্ধেও ধর্মীয় বৈষম্যের অভিযোগ তোলেন তিনি।

কলকাতার বৈঠকে অংশ নেওয়া খ্রিষ্টান নেতারা জানান, তাঁরা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে একটি স্মারকলিপি দেওয়ার পরিকল্পনা করেছেন। এতে স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত, খ্রিষ্টানদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যাজক ও ধর্মপ্রচারকদের বিরুদ্ধে তাঁদের ভাষায় ‘ইচ্ছামতো গ্রেপ্তার’ ঠেকাতে সুরক্ষাব্যবস্থার দাবি জানানো হবে।

ভারতের সর্বশেষ জাতীয় আদমশুমারি অনুযায়ী, পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যার এক শতাংশেরও কম খ্রিষ্টান। অন্যদিকে, প্রায় ১৪০ কোটি মানুষের দেশ ভারতে খ্রিষ্টান জনগোষ্ঠীর হার দুই শতাংশের বেশি। খ্রিষ্টান সম্প্রদায়ের নেতাদের দাবি, প্রায় দুই হাজার বছর ধরে ভারতে তাঁদের ধর্মের উপস্থিতি রয়েছে।