রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ ক্রমেই ইউরোপের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ছে। কূটনৈতিক তৎপরতা বাড়লেও শান্তির পরিবর্তে সংঘাতের তীব্রতা বাড়ছে। রাশিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পাশাপাশি ইউক্রেনের পাল্টা আক্রমণের পরিধিও বিস্তৃত হচ্ছে। এতে ন্যাটো সদস্য দেশগুলোর সঙ্গে রাশিয়ার সরাসরি সংঘাতের ঝুঁকি তৈরি হয়েছে।গত কয়েক সপ্তাহের কূটনৈতিক তৎপরতা, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার উদ্যোগ এবং রাশিয়ার অনমনীয় অবস্থানের মধ্যেও যুদ্ধ বন্ধের কোনো কার্যকর অগ্রগতি হয়নি। সম্প্রতি রাশিয়া ইউক্রেনে ছয় ঘণ্টাব্যাপী ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এটিকে বছরের সবচেয়ে তীব্র হামলা বলে উল্লেখ করেছেন। এতে কয়েক ডজন মানুষ নিহত হয়েছেন। দেশটির বিভিন্ন অঞ্চল ও রাজধানী কিয়েভের বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।অন্যদিকে, রাশিয়ার দখলকৃত ক্রিমিয়ার সঙ্গে সংযোগকারী কের্চ সেতুতে তিনবার হামলা চালিয়েছে ইউক্রেন। বাল্টিক সাগরে রাশিয়া-সংশ্লিষ্ট একটি সামরিক পণ্যবাহী জাহাজ এবং লিবিয়ার বেনগাজি বন্দরের কাছে রুশ নৌযানেও হামলা হয়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, যুদ্ধের ভৌগোলিক বিস্তৃতি আগামী মাসগুলোতে আরও বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে।
জাপোরিঝিয়ায় রুশ হামলায় নিহত ২
এদিকে ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝিয়ায় রাশিয়ার বিমান হামলায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪০ জনের বেশি, যাদের মধ্যে এক শিশুও রয়েছে। গতকাল মঙ্গলবার ভোরের এ হামলায় একটি বাড়ি ধ্বংস এবং পাঁচতলা আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।একই রাতে রাশিয়া ও ইউক্রেন পরস্পরের লক্ষ্যবস্তুতে শত শত ড্রোন হামলা চালায়। পোল্যান্ডের সামরিক বাহিনী জানিয়েছে, পশ্চিম ইউক্রেনে হামলার সময় একটি রুশ ড্রোন দেশটির আকাশসীমায় প্রবেশ করেছিল। এর আগে পূর্ব পোল্যান্ডে তিনটি রুশ ক্রুজ ক্ষেপণাস্ত্র বিধ্বস্ত হয়।
যুদ্ধে রুশ সেনাদের আত্মহত্যা হাজার ছাড়িয়েছে
ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে এক হাজারের বেশি রুশ সেনা আত্মহত্যা করেছেন। রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাটের এক কোটি ১০ লাখের বেশি মৃত্যুসনদ বিশ্লেষণ করে এ তথ্য পেয়েছে দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে আত্মহত্যার সংখ্যা ছিল ৩৬৫। ২০২৬ সালেও এখন পর্যন্ত প্রায় ৩০০টি ঘটনা নথিভুক্ত হয়েছে। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। যুদ্ধের চাপ, কঠোর সামরিক শৃঙ্খলা এবং বিপজ্জনক অভিযানে যেতে বাধ্য করার প্রবণতাকে এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন তারা।
জেলেনস্কির সঙ্গে বৈঠকে ইউক্রেন যাচ্ছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী
ইউক্রেনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নিয়েছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী পিটার মাগিয়ার। গতকাল মঙ্গলবার তিনি ইউক্রেনের ট্রান্সকারপাথিয়া অঞ্চলে গিয়ে প্রেসিডেন্ট জেলেনস্কি এবং স্থানীয় জাতিগত হাঙ্গেরীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠকের ঘোষণা দিয়েছেন। ২০১৫ সালের পর কোনো হাঙ্গেরীয় প্রধানমন্ত্রীর ওই অঞ্চলে এটিই প্রথম আনুষ্ঠানিক সফর। সম্প্রতি সংখ্যালঘু হাঙ্গেরীয়দের অধিকার নিয়ে ইউক্রেনের আইন সংশোধনের পর দুই দেশের সম্পর্কে উন্নতি হয়েছে।