NEWSTV24
বাংলাদেশসহ ৬০ দেশ নিয়ে তদন্তে যুক্তরাষ্ট্র
শনিবার, ১৪ মার্চ ২০২৬ ১৭:৫০ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

কারখানায় পণ্য উৎপাদনে বলপূর্বক শ্রমের ব্যবহার বন্ধে বাংলাদেশসহ ৬০ দেশ যথেষ্ট পদক্ষেপ নিয়েছে কিনা, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্র। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তরের (ইউএসটিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।এর আগে গত বুধবার উৎপাদন খাতে অতিরিক্ত সক্ষমতা ও অতিরিক্ত উৎপাদন করা হচ্ছে কিনা, তা খতিয়ে দেখতে বাংলাদেশসহ বিশ্বের ১৬টি দেশ নিয়ে তদন্তের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র।ইউএসটিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১(বি) ধারা অনুযায়ী নতুন এ তদন্ত করা হবে। পণ্য উৎপাদনে বলপূর্বক শ্রমের ব্যবহার থাকলে সেই পণ্য আমদানি নিষিদ্ধ করার ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশগুলোর আইন, নীতি ও বাস্তব প্রয়োগ কতটা যুক্তিযুক্ত বা বৈষম্যমূলক তা খতিয়ে দেখা হবে। এ ছাড়া এসব নীতি বা অনুশীলন যুক্তরাষ্ট্রের বাণিজ্যের ওপর কোনো ধরনের বোঝা বা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে কিনা যাচাই করা হবে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেন, বলপূর্বক শ্রমের বিরুদ্ধে আন্তর্জাতিক ঐকমত্য রয়েছে। তা সত্ত্বেও বিভিন্ন দেশ তাদের বাজারে বলপূর্বক শ্রমের মাধ্যমে উৎপাদিত পণ্যের প্রবেশ নিষিদ্ধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সেগুলো কার্যকরভাবে প্রয়োগ করতে ব্যর্থ হয়েছে।তিনি বলেন, বিভিন্ন দেশের সরকার বলপূর্বক শ্রমে তৈরি পণ্য আমদানি নিষিদ্ধ করতে যথেষ্ট পদক্ষেপ নিয়েছে কিনা এবং এসব অনৈতিক চর্চা মার্কিন শ্রমিক ও ব্যবসার ওপর কতটা প্রভাব ফেলছে তা এই তদন্তের মাধ্যমে যাচাই করা হবে।তদন্তের আওতায় থাকা দেশগুলো হচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, বাহামা, বাহরাইন, ব্রাজিল, কম্বোডিয়া, কানাডা, চিলি, চীন, কলম্বিয়া, কোস্টারিকা, ডমিনিকান প্রজাতন্ত্র, ইকুয়েডর, মিসর, এল সালভাদর, গুয়াতেমালা, গায়ানা, হন্ডুরাস, হংকং, ইন্দোনেশিয়া, ইরাক, ইসরায়েল, জাপান, জর্ডান, কাজাখস্তান, কুয়েত, লিবিয়া, মালয়েশিয়া, মেক্সিকো, মরক্কো, নিউজিল্যান্ড, নিকারাগুয়া, নাইজেরিয়া, নরওয়ে, ওমান, পেরু, ফিলিপাইন, কাতার, রাশিয়া, সৌদি আরব, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড, তাইওয়ান, থাইল্যান্ড, ত্রিনিদাদ ও টোবাগো, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, উরুগুয়ে, ভেনেজুয়েলা। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর বিষয়েও এই তদন্ত হবে।