NEWSTV24
ফেনীতে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩, আহত ৫
রবিবার, ২২ মার্চ ২০২৬ ১৭:১৭ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ৩ জন প্রাণ হারিয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন অন্তত আরও পাঁচজন।আজ রোববার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহতদের মরদেহ ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রাখা রয়েছে। হতাহতদের নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি। পরিচয় শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।ফেনী মহিপাল হাইওয়ে পুলিশের ইনচার্জ আসাদুল ইসলাম জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় চট্টগ্রাম অভিমুখী একটি লেনের কাজ চলছিল। এ সময় একটি অ্যাম্বুলেন্স ধীর গতিতে পার হচ্ছিল। এমতাবস্থায় শ্যামলী পরিবহনের একটি বাস অ্যাম্বুলেন্সটিকে পেছন থেকে ধাক্কা দেয়।এ ঘটনায় বাস অ্যাম্বুলেন্স কথা কাটাকাটি শুরু হলে পেছনে মোটরসাইকেল ও আরও কিছু বাসের জট লেগে যায়। তার কিছুক্ষণ পর বেপরোয়া গতিতে আসা দোয়েল পরিবহনের একটি বাস জটলার মধ্যে ধাক্কা দেয়।এতে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় একজন মোটরসাইকেল আরোহী, বাসের সুপারভাইজার, ও একজন যাত্রী নিহত হন।ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহাদাৎ হোসেন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাসকে সরিয়ে আহতদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।