NEWSTV24
১৬ জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ, পহেলা বৈশাখে থাকবে রোদ-বৃষ্টি
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ ১৫:১২ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

দেশের ১৬ জেলায় তাপপ্রবাহ বয়ে গেছে, যা আগামী দিনে আরও বিস্তার লাভ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার কোথাও কোথাও তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে, আর সর্বোচ্চ তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনাও রয়েছে।আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানিয়েছেন, আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে যশোরে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জসহ খুলনা বিভাগের বিভিন্ন এলাকায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি আরও বিস্তার লাভ করতে পারে।আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে।

এদিকে বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখে দেশের তিন বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি।আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, ভারতের মেঘালয় পাহাড়ে স্বাভাবিক মেঘ বাধাগ্রস্ত হয়ে এ ধরনের বৃষ্টি হতে পারে, যা এই মৌসুমে স্বাভাবিক। সোম ও মঙ্গলবার দেশের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও সারাদেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। পহেলা বৈশাখের দিন ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েকটি স্থানে এবং কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে দমকা হাওয়াও বইতে পারে।পূর্বাভাসে আরও বলা হয়েছে, বুধবার সিলেট বিভাগের কিছু এলাকায় এবং বৃহস্পতিবার রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। তাপমাত্রা নিয়ে পূর্বাভাসে বলা হয়, সোমবার দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। মঙ্গলবার দিনের তাপমাত্রা কিছুটা কমলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বুধবার সারাদেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, আর বৃহস্পতিবার আবার কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।