বিশ্ব রাজনীতির মানচিত্রে সামরিক শক্তি, কূটনৈতিক প্রভাব কিংবা অর্থনৈতিক ক্ষমতার বাইরে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আন্তর্জাতিক জনমত। আর সেই জনমতের বিচারে চলতি বছর বিশ্বের সবচেয়ে নেতিবাচকভাবে দেখা রাষ্ট্রের তকমা পেয়েছে ইসরায়েল। একই সঙ্গে বৈশ্বিক গ্রহণযোগ্যতায় বড় ধস নেমেছে যুক্তরাষ্ট্রেরও।আন্তর্জাতিক গবেষণা ও ডেটা প্রতিষ্ঠান নিরা ডেটা প্রকাশিত গ্লোবাল কান্ট্রি পারসেপশনস ২০২৬ জরিপে উঠে এসেছে এ তথ্য। বিশ্বের ১২৯টি দেশ ও তিনটি আন্তর্জাতিক সংস্থাকে ঘিরে ৪৬ হাজার ৬৬৭ জনের মতামতের ভিত্তিতে সূচকটি তৈরি করা হয়েছে।জরিপ অনুযায়ী, বিশ্বের সবচেয়ে নেতিবাচকভাবে দেখা পাঁচ দেশের তালিকায় শীর্ষে রয়েছে ইসরায়েল। এর পর রয়েছে উত্তর কোরিয়া, আফগানিস্তান, ইরান ও যুক্তরাষ্ট্র। অন্যদিকে, সবচেয়ে ইতিবাচক ভাবমূর্তি থাকা দেশগুলোর মধ্যে রয়েছে সুইজারল্যান্ড, কানাডা, জাপান, সুইডেন ও ইতালি।
বিশ্লেষকদের মতে, গাজায় দীর্ঘদিন ধরে চলা ইসরায়েলি নির্বিচার হামলা, ফিলিস্তিনিদের ব্যাপক বাস্তুচ্যুতি, অনাহার পরিস্থিতি এবং অধিকৃত পশ্চিম তীরে সহিংসতা বেড়ে যাওয়ার প্রভাব পড়েছে আন্তর্জাতিক জনমতে।জরিপে আরও দেখা গেছে, বৈশ্বিক গ্রহণযোগ্যতার দিক থেকে যুক্তরাষ্ট্রও বড় ধরনের সংকটে পড়েছে। মাত্র দুই বছরে দেশটির নেট রেটিং ২০২৪ সালের প্লাস ২২ শতাংশ থেকে কমে ২০২৬ সালে মাইনাস ১৬ শতাংশে নেমে এসেছে। অর্থাৎ, দুই বছরে ৩৮ পয়েন্ট কমে গেছে দেশটির রেটিং। জনপ্রিয়তার বিচারে যুক্তরাষ্ট্র এখন রাশিয়া ও চীনেরও নিচে অবস্থান করছে।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতিকে ঘিরে বাড়তে থাকা বৈশ্বিক অসন্তোষই এ অবস্থার বড় কারণ। ন্যাটো মিত্রদের সঙ্গে টানাপোড়েন, আগ্রাসী শুল্কনীতি, গ্রিনল্যান্ড নিয়ে বিতর্কিত বক্তব্য, ইউক্রেনকে সহায়তা কমিয়ে দেওয়া এবং মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের ভূমিকা আন্তর্জাতিক জনমতে নেতিবাচক প্রভাব ফেলেছে।
জরিপের ফলাফল বলছে, সামরিক শক্তি ও রাজনৈতিক প্রভাব থাকলেও বিশ্বজুড়ে জনমতের আদালতে এখন কঠিন সময় পার করছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। বিশেষ করে গাজা যুদ্ধের পর আন্তর্জাতিক জনগণের চোখে দুই দেশের ভাবমূর্তিতে যে বড় পরিবর্তন এসেছে, সেটিই এবার সংখ্যায় প্রকাশ পেল। একসময় পশ্চিমা বিশ্বে কৌশলগত মিত্র হিসেবে শক্ত অবস্থানে থাকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখন আন্তর্জাতিক জনমতের বড় অংশের চোখে বিতর্ক ও অস্থিরতার প্রতীক হয়ে উঠেছে। খবর নিরা ডেটা ও মিডল ইস্ট মনিটরের।