NEWSTV24
বিশ্বকাপের আগে আবারও চোটে নেইমার
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ ১৯:২৩ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

বারবার চোটে পড়ার কারণে ক্যারিয়ারে অনেক ভুগতে হয়েছে নেইমার জুনিয়রকে। নানা দোলাচলের পর এই তারকা ফরোয়ার্ড বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেলেও এবার চোটের সেই চেনা ভূত আবারও ভয় দেখাচ্ছে তাকে। নতুন করে চোটে পড়েছেন ব্রাজিলের ক্লাব সান্তোসে খেলা এই তারকা। বিশ্বকাপে ব্রাজিলের স্কোয়াডে ডাক পাওয়ার মাত্র কয়েকদিনের মাথায় নেইমারের নতুন এই চোটে দুশ্চিন্তা বেড়েছে সেলেসাও শিবিরে। ফুটবলভিত্তিক ওয়েবসাইট গোল ডটকম এই খবর জানিয়েছে।

সান্তোস এফসি নিশ্চিত করেছে, নেইমারের ডান পায়ের কাফে (পেশিতে) সামান্য সমস্যা ধরা পড়েছে। বুধবার ক্লাবটির মেডিকেল বিভাগ জানিয়েছে, পরীক্ষায় তার কাফে ২ মিলিমিটার ওডেমা (তরল জমে ফুলে যাওয়া) শনাক্ত হয়েছে।

সময়টা মোটেও সুবিধাজনক যাচ্ছে না ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের জন্য। ২০২৩ সালে গুরুতর হাঁটুর চোটে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার পর সম্প্রতি তিনি জাতীয় দলে ফিরেছেন। চোটের কারণে ইতিমধ্যে সান্তোসের হয়ে কোপা সুদামেরিকানায় সান লরেঞ্জোর বিপক্ষে ম্যাচ মিস করেছেন নেইমার। এ ছাড়া গ্রেমিওর বিপক্ষে আসন্ন লিগ ম্যাচেও তার খেলা অনিশ্চিত। এখন আগামী ২৭ মে ব্রাজিল দলের ক্যাম্পে যোগ দেওয়ার আগে দ্রুত সেরে ওঠার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।

 

অবশ্য সান্তোসের মেডিকেল প্রধান রদ্রিগো জোগাইব জানিয়েছেন, চোটটি খুব একটা গুরুতর নয়। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘জিই’-কে তিনি বলেন, ‘নেইমারের কাফে সামান্য ওডেমা হয়েছে। তবে আমাদের পরিকল্পনা অনুযায়ী আগামী সপ্তাহের মধ্যেই সে ফিট হয়ে জাতীয় দলে যোগ দিতে পারবে।’

আগামী ৩১ মে মারাকানায় পানামার বিপক্ষে ব্রাজিলের একটি প্রীতি ম্যাচ রয়েছে, যাতে নেইমারের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এদিকে সান্তোসের হয়ে ডিপোর্তিভো কুয়েঙ্কার বিপক্ষে কোপা সুদামেরিকানার শেষ গ্রুপ ম্যাচেও নেইমারের না খেলার সম্ভাবনা রয়েছে। বর্তমানে এই প্রতিযোগিতার গ্রুপের তলানিতে রয়েছে সান্তোস। চোট কাটিয়ে দ্রুত মাঠে ফিরতে ক্লাবটির পাশাপাশি নিজের ব্যক্তিগত মেডিকেল দলের সঙ্গেও কাজ করছেন নেইমার।