NEWSTV24
সকালের মধ্যেই ঝড় হতে পারে যেসব জেলায়
শনিবার, ২৩ মে ২০২৬ ০৭:২৫ পূর্বাহ্ন
NEWSTV24

NEWSTV24

তীব্র গরমের মধ্যেই দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অব্যাহত রয়েছে। তবে বৃষ্টির পরও দেশের বিভিন্ন এলাকায় তাপপ্রবাহ চলমান আছে। এ অবস্থায় শনিবার সকাল পর্যন্ত দেশের ১১ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, শনিবার সকাল ৯টার মধ্যে রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, বর্তমানে মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, বান্দরবান, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টাতেও এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।শনিবার ও রোববার সন্ধ্যা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।সোমবার পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার ও বুধবারও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে রাজশাহী, লক্ষ্মীপুরের রামগতি ও বাগেরহাটের মোংলায়। এ সময়ে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।অন্যদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১০৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রংপুরে। এ ছাড়া শ্রীমঙ্গলে ৩২ মিলিমিটার, বগুড়ায় ২০, টাঙ্গাইলে ১৫, ভোলায় ১৪ এবং সিলেটে ১০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে। এতে তাপমাত্রা কিছুটা কমতে পারে।