NEWSTV24
গোলাগুলির সময় হোয়াইট হাউসের ভেতরেই ছিলেন ট্রাম্প
রবিবার, ২৪ মে ২০২৬ ১১:১১ পূর্বাহ্ন
NEWSTV24

NEWSTV24

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসের কাছে গতকাল শনিবার গোলাগুলির ঘটনা ঘটেছে। ওই সময় ভেতরেই ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তবে তিনি সম্পূর্ণ নিরাপদ আছেন। মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার পর ট্রাম্পের রিপাবলিকান দলের কয়েকজন আইনপ্রণেতা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে জানান, প্রেসিডেন্ট অক্ষত আছেন। নিরাপদে আছেন।ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার পরপর। সিক্রেট সার্ভিসের বিবৃতিতে বলা হয়েছে, হোয়াইট হাউসসংলগ্ন সেভেনটিন্থ স্ট্রিট ও পেনসিলভানিয়া অ্যাভিনিউ এলাকায় সন্দেহভাজন এক ব্যক্তি ব্যাগ থেকে একটি অস্ত্র বের করে গুলি চালাতে শুরু করেন। এ সময় সিক্রেট সার্ভিসের সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন। এ ঘটনায় ওই সন্দেহভাজন ব্যক্তি গুলিবিদ্ধ হলে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গোলাগুলির সময় এক পথচারীও গুলিবিদ্ধ হন। তার সর্বশেষ অবস্থা কেমন, তা আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। তার পরিচয়ও জানা যায়নি। তবে সিএনএন বলছে, ওই ব্যক্তির শারীরিক অবস্থা গুরুতর।সিক্রেট সার্ভিসের বিবৃতিতে আরও বলা হয়েছে, এ ঘটনায় সিক্রেট সার্ভিসের কোনো কর্মকর্তা আহত হননি। গুলির ঘটনার সময় প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউসে অবস্থান করলেও তার সুরক্ষা কিংবা কার্যক্রমে কোনো ব্যত্যয় ঘটেনি।সন্দেহভাজন ওই ব্যক্তির নাম-পরিচয় এখনো প্রকাশ করেনি সিক্রেট সার্ভিস। বলা হয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এর বাইরে কোনো তথ্য পাওয়া গেলে, তা প্রকাশ করা হবে।এ ঘটনার জেরে হোয়াইট হাউসে সাময়িকভাবে লকডাউন জারি করা হয়। সেখানে কাউকে ঢুকতে এবং সেখান থেকে বের হতে দেওয়া হয়নি। যদিও পরে লকডাউন তুলে নেওয়া হয়েছে। হোয়াইট হাউসের আশপাশের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ।

এর আগে ৪ মে হোয়াইট হাউসের কাছে সশস্ত্র একজন সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে সিক্রেট সার্ভিসের কর্মকর্তাদের গোলাগুলি হয়। সন্দেহভাজন ওই ব্যক্তি গুলি চালিয়ে পালানোর চেষ্টা করেন। পরে সিক্রেট সার্ভিসের কর্মকর্তাদের গুলিতে তিনি আহত ও পরে আটক হন।তারও আগে গত ২৬ এপ্রিল ওয়াশিংটনের একটি অভিজাত হোটেলে হোয়াইট হাউসের সাংবাদিকদের নৈশভোজের সময় গুলির ঘটনা ঘটে। ওই আয়োজনে প্রেসিডেন্ট ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ বর্তমান প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনেকেই উপস্থিত ছিলেন।ওই ঘটনায় ট্রাম্প দম্পতিকে দ্রুত হোটেলটি থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। গোলাগুলির ঘটনায় প্রধান সন্দেহভাজন কোল টমাস অ্যালেন ট্রাম্পকে হত্যাচেষ্টাসহ অন্যান্য অভিযোগে নিজেকে নির্দোষ দাবি করেছেন।