NEWSTV24
প্রবাসী কার্ড চালুর ঘোষণা দিলেন অর্থমন্ত্রী
শুক্রবার, ১২ জুন ২০২৬ ০৮:৪৭ পূর্বাহ্ন
NEWSTV24

NEWSTV24

আগামী অর্থবছরে বিশেষ প্রবাসী কার্ড চালুর ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণায় তিনি জানান, প্রবাসীকল্যাণ সেবা, বীমা, ব্যাংকিং সুবিধা ও জরুরি সহায়তার সঙ্গে কার্ডটি সংযুক্ত করা হবে। ফলে প্রবাসীরা এক কার্ডের মাধ্যমেই সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা ও আইনি সুরক্ষা ভোগ করতে পারবেন।বাজেট বক্তৃতায় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিকল্প শ্রমবাজার হিসেবে সরকার রাশিয়া, পর্তুগাল, রোমানিয়া, ব্রাজিল, গ্রিস, সার্বিয়া, নর্থ মেসেডোনিয়া এই দেশগুলোর সঙ্গে ইতোমধ্যে দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নিয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকা মালয়েশিয়া, ওমান, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের শ্রমবাজার খোলার প্রক্রিয়া শুরু করেছে সরকার।

বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানো উৎসাহিত করতে বিদ্যমান আড়াই শতাংশ নগদ প্রণোদনা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী। তিনি জানান, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পরের মাসেই, অর্থাৎ গত মার্চ মাসে রেমিট্যান্স ৩৭৫ কোটি ডলারে পৌঁছায়। দেশের ইতিহাসে একক মাস হিসেবে যা সর্বোচ্চ। প্রবাসী আয়ের এই প্রবাহ ধরে রাখতে প্রণোদনা অব্যাহত রাখা হবে।আমির খসরু জানান, অভ্যন্তরীণ ও বৈদেশিক শ্রমবাজারের প্রকৃত চাহিদার ওপর ভিত্তি করে পেশাভিত্তিক দক্ষতা বৃদ্ধির পরিকল্পনা নিয়েছে সরকার। বিদেশে যেসব খাতে কাজের ব্যাপক চাহিদা রয়েছে, সেগুলোর জন্য বিশেষ কোর্স ও পাঠ্যক্রম চালুর কাজ শুরু হয়েছে। বাজারভিত্তিক প্রশিক্ষণ, পাঠ্যক্রম উন্নয়ন ও সনদের মান নিয়ন্ত্রণ কার্যক্রম বাড়ানো হচ্ছে।