NEWSTV24
২ সন্তানের পর মাতৃত্বকালীন ছুটি সীমিতের বিধান চ্যালেঞ্জ করে রিট আবেদন
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ০৯:৩১ পূর্বাহ্ন
NEWSTV24

NEWSTV24

দুই সন্তানের বেশি হলে কর্মজীবী নারীর মাতৃত্বকালীন ছুটি ও সুবিধা সীমিত করার বিধানের বৈধতা চ্যালেঞ্জ করেছেন এক আইনজীবী।সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান সোমবার (১৫ জুন) হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন করেন।রিট আবেদনে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এবং বাংলাদেশ সার্ভিস রুলস (বিএসআর) এর প্রাসঙ্গিক বিধানগুলোকে চ্যালেঞ্জ করা হয়েছে।একইসঙ্গে সন্তানের সংখ্যা নির্বিশেষে বৈষম্যহীন ও সাংবিধানিকভাবে সুরক্ষিত মাতৃত্বকালীন সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নের আবেদন করা হয়েছে।আবেদনে বলা হয়, মাতৃত্বকালীন ছুটি কোনো বিশেষ সুবিধা বা সন্তান জন্মদানে উৎসাহ দেওয়ার উপকরণ নয়। এটি মূলত মায়ের শারীরিক ও মানসিক সুস্থতা, প্রসব-পরবর্তী পুনরুদ্ধার, নবজাতকের পরিচর্যা এবং মাতৃদুগ্ধ পান নিশ্চিত করার জন্য একটি অত্যাবশ্যকীয় স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা।

এতে আরও বলা হয়, একজন নারী প্রথম, দ্বিতীয় বা তৃতীয় যে সন্তানই জন্মদান করুন না কেন, প্রসবজনিত শারীরিক ঝুঁকি, চিকিৎসা, বিশ্রাম ও নবজাতকের যত্নের প্রয়োজনীয়তা একই থাকে।ফলে শুধু সন্তানের সংখ্যার ভিত্তিতে মাতৃত্বকালীন সুবিধা থেকে বঞ্চিত করা বৈষম্যমূলক, অযৌক্তিক ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।এই বিধান সংবিধানের ৭, ১৫, ১৮, ২৬, ২৭, ২৮, ৩১ ও ৩২ অনুচ্ছেদে নিশ্চিত সমতা, বৈষম্যহীনতা, আইনের আশ্রয় লাভের অধিকার এবং জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকারের পরিপন্থি বলে রিট আবেদনে দাবি করা হয়।এছাড়া নারীর প্রতি সব ধরনের বৈষম্য বিলোপ সনদের (সিডও) সদস্য রাষ্ট্র হিসেবে বাংলাদেশের আন্তর্জাতিক বাধ্যবাধকতার কথাও তুলে ধরা হয়েছে আবেদনে।ইশরাত হাসান গণমাধ্যমকে বলেন, মাতৃত্বকালীন ছুটি মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষার মৌলিক সুরক্ষা ব্যবস্থা। একজন মা তৃতীয় সন্তানের জন্ম দিলেও তার স্বাস্থ্যগত সুরক্ষার প্রয়োজন কমে যায় না।