NEWSTV24
অভিনেতা জাহের আলভী কারাগারে
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ১৬:৩৯ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় ছোটপর্দার অভিনেতা জাহের আলভীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন জাহের আলভী, যার প্রকৃত নাম নিয়ামত উল্লাহ ভূঁইয়া। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ জানান, আত্মসমর্পণের পর আসামিপক্ষ জামিনের আবেদন করলে আদালত তা খারিজ করে দেন এবং তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

মামলার অভিযোগ অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএসে নিজ বাসা থেকে আফরা ইভনাথ খান ইকরাকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার সময় জাহের আলভী নেপালে অবস্থান করছিলেন বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে।

ঘটনার দিন রাতেই ইকরার বাবা কবির হায়াত খান মিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, দীর্ঘদিনের পারিবারিক বিরোধ এবং বিভিন্ন ধরনের মানসিক ও পারিবারিক নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হন। এ ঘটনায় জাহের আলভীসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়।

জাহের আলভী ও আফরা ইভনাথ খান ইকরা ২০১০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের এক ছেলে সন্তান রয়েছে।