NEWSTV24
কামাল আহমেদ মজুমদারের ছেলে শাহেদসহ ৩ জন গ্রেপ্তার
শনিবার, ২০ জুন ২০২৬ ১৭:৫৩ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

জুলাই আন্দোলনে মাদ্রাসাছাত্র নাজিম উদ্দিন হত্যাচেষ্টা মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের ছেলে ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অর্থ জোগানদাতা শাহেদ আহমেদ মজুমদারসহ তিন জনকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

গ্রেপ্তার দেখানো অপর আসামিরা হলেন আওয়ামী লীগের সক্রিয় নেতা ও অর্থ যোগানদাতা সেলিম প্রধান এবং সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগের সেক্রেটারি আবু সাঈদ।  

মামলাটির তদন্তকারী কর্মকর্তা, গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মো. মোশারফ আসামিদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। 

আবেদনে বলা হয়, আসামিরা আওয়ামী লীগের সক্রিয় নেতা ও অর্থ যোগানদাত। আসামিরা অত্যন্ত সু-কৌশলে নিজে ঘটনাস্থলে উপস্থিত থেকে বৈষম্যবিরোধী ছাত্র জনতাকে নিবৃত করার চেষ্টা করে এবং মামলার ঘটনায় অর্থ যোগানের মাধ্যমে এই মামলার ঘটনা ঘটায়। মামলাটির সুষ্ঠু তদন্তের স্বার্থে সন্দিগ্ধ আসামি হিসাবে তাদের গ্রেপ্তার দেখানো একান্ত প্রয়োজন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর ভাটারা থানার দক্ষিণে বাঁশতলা এলাকায় বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। এসময় আসামিরা ছাত্র-জনতার আন্দোলনে নির্বিচার গুলিবর্ষণ করে। এতে মাথায় গুলিবিদ্ধ হন মাদ্রাসাছাত্র নাজিম উদ্দিন। পরবর্তীতে সিটিস্ক্যান করলে তার মাথায় ১৮০টি ছোররা গুলি দেখতে পান কর্তব্যরত চিকিৎসক। যার মধ্যে ১২৭টি গুলি বের করা হয়। 

ওই ঘটনায় ভুক্তভোগীর খালা গুলশান থানয় বাদী হয়ে হত্যাচেষ্টার অভিযোগ এনে মামলাটি দায়ের করেন। মামলায় তিনজনকে সন্দিগ্ধ আসামি হিসাবে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে।