চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় ৩০ বছর পর তার ‘খুনের রহস্য’ উদঘাটনে কবর থেকে দেহাবশেষ উত্তোলনের আদেশ বাতিল করেছেন আদালত। মঙ্গলবার (২৩ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী আবিদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। এদিন আদালতে দেহাবশেষ উত্তোলনের অনুমতি বাতিল চেয়ে আবেদন করেন মামলার বাদী মোহাম্মদ আলমগীর কুমকুম। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।
আবেদনে বলা হয়, সালমান শাহকে সিলেটের শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে দাফন করা হয়েছে এবং সেখানে তার কবর রয়েছে। এ অবস্থায় দেহাবশেষ উত্তোলন ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়। এ বিষয়ে বাদী ও অভিনেতার মা নীলা চৌধুরীর পক্ষ থেকেও আপত্তি জানানো হয়।
এর আগে চলতি বছরের ২০ মে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মো. জিয়াউল মোর্শেদ আদালতে দেহাবশেষ উত্তোলন, সুরতহাল ও ময়নাতদন্তের অনুমতি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৪ মে আদালত কবর থেকে দেহাবশেষ উত্তোলনের অনুমতি দেন। তবে বিষয়টি প্রকাশ্যে আসে ১০ জুন।
গত বছরের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম রমনা থানায় মামলাটি দায়ের করেন। পরে আদালত মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।