অবসরপ্রাপ্ত প্রায় ৬৫ হাজার শিক্ষকের পেনশনের টাকা দেওয়া আগস্ট মাসে শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।গতকাল মঙ্গলবার চট্টগ্রাম কলেজ অডিটরিয়ামে এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। তিনি জানান, এ উদ্যোগ বাস্তবায়নে চলতি বাজেটে ২০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।শিক্ষামন্ত্রী আরও বলেন, অর্থ মন্ত্রণালয়ের সহায়তায় দুই হাজার কোটি টাকার একটি বন্ডের ব্যবস্থা করা হয়েছে। এর আওতায় আগস্ট মাস থেকে প্রায় ৬৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষককে পেনশনের টাকা দেওয়া শুরু হবে। এ সুবিধা ধাপে ধাপে প্রায় দুই লাখ পেনশনভোগীর মধ্যে সম্প্রসারণ করা হবে।এ সময় মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফল ২০ জুলাই প্রকাশিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেছেন, পরীক্ষার কক্ষে নকল সংঘটিত হলে তার দায় শুধু শিক্ষার্থীর ওপর চাপানো হবে না। দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য কেন্দ্র সচিব, কক্ষ পরিদর্শক ও কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।সভায় শিক্ষার মানোন্নয়ন, বিদ্যমান সমস্যা দূর করা, শিক্ষকদের যথাযথ মূল্যায়ন, পরীক্ষা ও কারিকুলাম সংস্কারসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন এবং নিজের পরিকল্পনা তুলে ধরেন। একই সঙ্গে উপস্থিত শিক্ষক-কর্মকর্তাদের কাছ থেকে পরামর্শও নেন। সভায় আগামীতে অভিন্ন প্রশ্নে পরীক্ষা গ্রহণের বিষয়টিও তুলে ধরেন শিক্ষামন্ত্রী। সভায় তিন পার্বত্য চট্টগ্রামে শিক্ষা ব্যবস্থার উন্নয়নে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, ভূমি প্রতিমন্ত্রী হেলাল উদ্দিন, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন প্রমুখ।