NEWSTV24
মেলোনি মেলোনির প্রশংসায় মাতলেন ট্রাম্প
বুধবার, ০৮ জুলাই ২০২৬ ১৮:৩৮ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

ন্যাটো সম্মেলনে যোগ দিতে তুরস্কে পৌঁছে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সাম্প্রতিক বিরোধ ভুলে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে মেলোনির প্রশংসা করেন তিনি।

ট্রাম্প বলেন, “আমি মনে করি, আসলে তিনি একজন ভালো মানুষ।” এর আগে মেলোনির সঙ্গে তার সম্পর্কের টানাপোড়েন তৈরি হলেও এবার তার বক্তব্যে সেই উত্তেজনা কমার আভাস পাওয়া গেছে।

গত মাসের শেষ দিকে ট্রাম্প ও মেলোনির মধ্যে বিরোধের সূত্রপাত হয়। ইতালির একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছিলেন, জি-৭ সম্মেলনে মেলোনি তার সঙ্গে ছবি তোলার জন্য অনুরোধ করেছিলেন। ট্রাম্পের এই মন্তব্যকে ‘বানোয়াট’ বলে প্রত্যাখ্যান করেছিলেন মেলোনি। তবে নিজের বক্তব্যে অনড় ছিলেন মার্কিন প্রেসিডেন্ট।

পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মেলোনিকে নিয়ে ট্রাম্পের একটি ব্যঙ্গাত্মক পোস্ট ঘিরেও বিতর্ক তৈরি হয়। এর আগে হরমুজ প্রণালি ইস্যুতে মতপার্থক্যের কারণেই দুই নেতার মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল বলে জানান ট্রাম্প।

তিনি বলেন, মেলোনির সঙ্গে সম্পর্ক কিছুটা খারাপ হয়েছিল, কারণ হরমুজ প্রণালি বিষয়ে তিনি যুক্তরাষ্ট্রকে সমর্থন করেননি। ট্রাম্পের ভাষ্য, তিনি মেলোনিকে পছন্দ করেন, তবে ওই বিষয়ে তার অবস্থানে তিনি হতাশ হয়েছিলেন।

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবস্থানের সঙ্গে ইউরোপের অনেক দেশের মতপার্থক্য রয়েছে। বিশেষ করে সামরিক সংঘাতের বিষয়ে ইউরোপীয় দেশগুলো সতর্ক অবস্থানে রয়েছে।

এদিকে ন্যাটো দেশগুলোর সামরিক ব্যয় নিয়ে দীর্ঘদিন ধরেই অসন্তোষ প্রকাশ করে আসছেন ট্রাম্প। তার চাপের মুখে জোটের সদস্য দেশগুলো প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়ানোর উদ্যোগ নিচ্ছে বলে জানা গেছে।