NEWSTV24
মার্কিন সন্ত্রাসবাদের তালিকা থেকে বাদ পড়ছে সিরিয়া: ট্রাম্প
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ ১৭:২৪ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

সিরিয়াকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ‘সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক’ (State Sponsors of Terrorism) তালিকা থেকে বাদ দেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৮ জুলাই) সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা’র নেতৃত্বের প্রশংসা করে ট্রাম্প বলেন, "আমি মনে করি আমি এটি করব। কেন করব না? তিনি চমৎকার কাজ করছেন।" সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প আরও যোগ করেন, "সম্ভবত তিনি নিজেই বিষয়টি কিছুদিনের মধ্যে তুলতেন। এটি একটি ভালো প্রশ্ন। এ নিয়ে কি কারো কোনো আপত্তি আছে? আমার মনে হয় আমাদের এটি করা উচিত। হ্যাঁ, আমি এটি করব।"

দীর্ঘ ৪৫ বছর পর সিরিয়াকে নিয়ে যুক্তরাষ্ট্রের এই বড় কূটনৈতিক পরিবর্তনের আভাস মিলল। ১৯৭৯ সালের ডিসেম্বর মাস থেকে সিরিয়াকে সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক হিসেবে তালিকাভুক্ত করে রেখেছিল যুক্তরাষ্ট্র। তবে সম্প্রতি সিরিয়ায় আসাদ সরকারের পতনের পর থেকে মার্কিন কংগ্রেসের রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলের আইনপ্রণেতারাই এই তালিকা থেকে সিরিয়ার নাম প্রত্যাহারের দাবি জানিয়ে আসছিলেন।

বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ার নতুন অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করার দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে ওয়াশিংটন। ট্রাম্প প্রশাসনের এই ঘোষণা সেই ধারাবাহিকতারই একটি বড় অংশ। এর আগে গত বছরই সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল-শারা’র নেতৃত্বাধীন গোষ্ঠী 'হায়াত তাহরির আল-শাম' (এইচটিএস)-কে বিদেশি সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দিয়েছিল ট্রাম্প প্রশাসন। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, এই সিদ্ধান্তের মাধ্যমে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন সমীকরণের সূচনা হতে যাচ্ছে।