মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধির মাঝেই ওমানে ইরানের সাথে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য নিজের শীর্ষ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম সিবিএস নিউজ এক বিশেষ প্রতিবেদনের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে।
সিবিএস-এর সূত্র অনুযায়ী, প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর বিশেষ দল— যার নেতৃত্বে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, প্রেসিডেন্টের জামাতা জ্যারেড কুশনার, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও— তাদেরকে ইরানের সাথে আলোচনা অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন। আজ শনিবার (১১ জুলাই) ওমানে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা (IRNA) জানিয়েছে, ওমানের কর্তৃপক্ষের সাথে হরমুজ প্রণালীর পরিস্থিতি এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনার জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আজ ওমান সফরে যাচ্ছেন। মূলত মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীই এই আলোচনার মূল এজেন্ডা।
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পর থেকে এই অঞ্চলে চরম বিশৃঙ্খলা বিরাজ করছে। ওই হামলায় ইরানের তত্কালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই নিহত হন। পরবর্তীতে গত জুনে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়, যার অধীনে লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধবিরতির সিদ্ধান্ত হয়েছিল। কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে সেই সময় দুই দেশের মধ্যে সফল আলোচনাও হয়।