NEWSTV24
চীনের পূর্ব উপকূলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘বাভি
শনিবার, ১১ জুলাই ২০২৬ ১৮:২২ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

চীনের পূর্ব উপকূলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘বাভি’। ঘূর্ণিঝড়টির সম্ভাব্য আঘাত মোকাবিলায় দেশটির পূর্বাঞ্চলীয় শহর ওয়েনঝৌ থেকে ৬ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শনিবার (১১ জুলাই) চীনা কর্তৃপক্ষ এ পদক্ষেপ নেয়। খবর জিও নিউজের। এর আগে টাইফুন ‘বাভি’ জাপানের দক্ষিণাঞ্চলের সাকিশিমা দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টি ও তীব্র ঝোড়ো বাতাস সৃষ্টি করে। পরে এটি তাইওয়ানের উত্তরাঞ্চল ঘেঁষে চীনের দিকে অগ্রসর হয়। আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঠান্ডা সমুদ্রের ওপর দিয়ে এগিয়ে যাওয়ার কারণে ঘূর্ণিঝড়টির শক্তি কিছুটা কমেছে। তবে এর বিশাল বৃষ্টির মেঘে বিপুল পরিমাণ জলীয় বাষ্প থাকায় এখনো বড় ধরনের ঝুঁকি রয়েছে। টাইফুনটির বৃষ্টিবলয় প্রায় ফ্রান্সের আয়তনের সমান বলে জানিয়েছে আবহাওয়া পর্যবেক্ষকরা।.

পূর্বাভাস অনুযায়ী, রোববার (১২ জুলাই) ভোরে প্রায় এক কোটি মানুষের শহর ওয়েনঝৌতে আঘাত হানতে পারে টাইফুন ‘বাভি’। সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে ঝেজিয়াং প্রদেশ থেকে ৫ লাখের বেশি এবং পার্শ্ববর্তী ফুজিয়ান প্রদেশ থেকে আরও ১ লাখের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

চীনের স্থানীয় বাসিন্দারা ঝড় মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছেন। ওয়েনঝৌর বাসিন্দা হুয়াং শিংহুয়ান জানান, টাইফুন নিয়ে উদ্বেগ থাকলেও এর আগে তারা বহু ঘূর্ণিঝড় মোকাবিলা করেছেন। তাই এবারও পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হবে বলে তিনি আশা করছেন।

টাইফুনের প্রভাবে বাজার ও বিভিন্ন কার্যক্রম সীমিত করা হয়েছে। তবে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি পণ্য সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং আতঙ্কিত হয়ে অতিরিক্ত মজুত করার প্রয়োজন নেই। এদিকে, জাপান ও তাইওয়ানে এখন পর্যন্ত ‘বাভি’র কারণে বড় ধরনের প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে ফিলিপাইনে টাইফুনটির প্রভাবে সৃষ্ট প্রবল বৃষ্টি ও মৌসুমি দুর্যোগে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে।