NEWSTV24
বাহামাসে যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ১০
শনিবার, ১১ জুলাই ২০২৬ ১৮:৩৯ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

বাহামাসে একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১০ জন নিহত হয়েছেন। শুক্রবার (১০ জুলাই) দেশটির রাজধানী নাসাউয়ের পশ্চিমে উত্তর অ্যানড্রয়ের জলভাগে এ দুর্ঘটনা ঘটে। স্বাধীনতার ৫৩তম বার্ষিকী উদযাপনের মধ্যেই এমন মর্মান্তিক ঘটনায় শোক নেমে এসেছে দেশজুড়ে।

দুর্ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্থানীয় এয়ারলাইনস ফ্ল্যামিঙ্গো এয়ারের সব ফ্লাইট সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে বাহামাস সরকার। একই সঙ্গে দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে শুরু হয়েছে তদন্ত।

বাহামিয়ান উড়োজাহাজ দুর্ঘটনা তদন্ত কর্তৃপক্ষ জানিয়েছে, বিধ্বস্ত উড়োজাহাজটি বাহামাসে নিবন্ধিত একটি সেসনা ৪০২ মডেলের ছোট বিমান। এটি নাসাউয়ের লিন্ডেন পিন্ডলিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সান অ্যান্ড্রসের উদ্দেশে উড্ডয়নের পরপরই দুর্ঘটনার শিকার হয়।

দুর্ঘটনার পর প্রাথমিকভাবে একজনকে জীবিত উদ্ধারের খবর পাওয়া যায়। তবে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ফিলিপ ব্রেভ ডেভিস। নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

ঘটনার পর এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা দিবসের আনন্দ উদযাপনের সময় এই দুর্ঘটনা পুরো জাতির জন্য একটি বেদনাদায়ক ঘটনায় পরিণত হয়েছে। নিহতদের পরিবারের প্রতি তিনি সমবেদনা জানান।

এদিকে দুর্ঘটনার পাশাপাশি একই দিনে ফ্ল্যামিঙ্গো এয়ারের আরেকটি উড়োজাহাজে নিরাপত্তাজনিত সমস্যার ঘটনা ঘটায় প্রতিষ্ঠানটির পরিচালন সনদ সাময়িকভাবে স্থগিত করেছে সরকার। বাহামাসের জ্বালানি, পরিষেবা ও উড়োজাহাজ চলাচল মন্ত্রণালয় জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এয়ারলাইনসটির সব ফ্লাইট বন্ধ থাকবে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দেশটির বিমান চলাচল মন্ত্রী জোবেথ কোলবি-ডেভিস জানান, শুক্রবার সকালে ফ্ল্যামিঙ্গো এয়ারের আরেকটি উড়োজাহাজ মায়াগুয়ানার উদ্দেশে যাওয়ার সময় মাঝ আকাশে জরুরি সমস্যায় পড়ে। পরে পাইলট সেটিকে নাসাউয়ে ফিরিয়ে আনতে সক্ষম হন।

তবে নিরাপদে অবতরণের পর যাত্রীরা নেমে যাওয়ার কিছুক্ষণ পরই উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। পরপর দুটি ঘটনার পর এয়ারলাইনসটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, দুটি ঘটনার কারণ অনুসন্ধানে পৃথক তদন্ত চলছে। তদন্তের ফল পাওয়ার পরই ফ্ল্যামিঙ্গো এয়ারের পরবর্তী কার্যক্রমের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তথ্যসূত্র: এনডিটিভি