NEWSTV24
সাদিক কায়েমসহ ছাত্রশিবিরের ৯ কেন্দ্রীয় নেতার বিদায়
সোমবার, ১৩ জুলাই ২০২৬ ১৮:০৩ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমসহ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৯ কেন্দ্রীয় নেতা সংগঠন থেকে বিদায় নিয়েছেন। ছাত্রত্ব শেষ হওয়ায় সোমবার (১৩ জুলাই) অনুষ্ঠিত কার্যকরী পরিষদের উপনির্বাচনে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ছাত্রশিবিরের সদ্যবিদায়ী কেন্দ্রীয় মিডিয়া বিভাগের সহকারী প্রচার সম্পাদক নাজমুল হক মাহাদী।

তিনি জানান, ছাত্রশিবিরে সাধারণত এক বছর মেয়াদি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। তবে সংগঠনের প্রয়োজন অনুযায়ী ছয় মাস মেয়াদেও কমিটি হতে পারে। কোনো নেতা ব্যক্তিগত বা উপযুক্ত কারণ দেখিয়ে ছুটি বা বিদায়ের আবেদন করলে কেন্দ্রীয় সভাপতি তা বিবেচনা করে অনুমোদন দেন।

নাজমুল হক মাহাদী বলেন, উপযুক্ত কারণ উল্লেখ করে ছুটি বা বিদায়ের আবেদন করলে কেন্দ্রীয় সভাপতি তা অনুমোদন দেন। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই ৯ জন কেন্দ্রীয় সম্পাদক আনুষ্ঠানিকভাবে ছুটি নিয়েছেন।

বিদায় নেওয়া নেতারা হলেন— কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ডাকসু ভিপি সাদিক কায়েম, মিডিয়া সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী, এইচআরডি (মানবসম্পদ উন্নয়ন) সম্পাদক শরীফ মাহমুদ, ছাত্র অধিকার সম্পাদক মুহিবুর রহমান মুহিব, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলাম, ব্যবসায় শিক্ষা সম্পাদক নুরুল হুদা, পাঠাগার সম্পাদক আরাফাত হোসেন মিলন, বিতর্ক সম্পাদক হাবিবুর রহমান আরমান এবং দাওয়াহ সম্পাদক শাহীন আহমেদ।

ছাত্রশিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি সংগঠনের নিয়মিত সাংগঠনিক প্রক্রিয়ার অংশ। ছাত্রত্ব শেষ হওয়ায় এবং সংশ্লিষ্ট নেতাদের আবেদন অনুযায়ী কেন্দ্রীয় সভাপতি তাদের বিদায় অনুমোদন করেছেন।