NEWSTV24
চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি আইআরজিসির
সোমবার, ১৩ জুলাই ২০২৬ ১৮:১১ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

মধ্যপ্রাচ্যে জর্ডান, বাহরাইন ও কুয়েতের চারটি মার্কিন সামরিক ঘাঁটিতে একযোগে হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড করপস (আইআরজিসি) জানিয়েছে, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় এসব ঘাঁটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

সোমবার (১৩ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে ইরানি বাহিনীর এই দাবির কথা জানানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম নুর নিউজ এজেন্সিও জানিয়েছে, দেশটির সেনাবাহিনী ও আইআরজিসি যৌথভাবে এ অভিযান চালিয়েছে।

ইরানি সামরিক কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার জবাব হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। গত ৪৮ ঘণ্টায় শত্রুপক্ষের সামরিক তৎপরতা পর্যবেক্ষণের পর নির্ধারিত লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয় বলে দাবি করেছে তেহরান।

আইআরজিসি জানিয়েছে, জর্ডানের প্রিন্স হাসান বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। এতে কয়েকটি জ্বালানি ডিপো ও গোলাবারুদ সংরক্ষণাগারে আগুন ধরে যায় বলে দাবি করেছে ইরানি বাহিনী।

ইরানের দাবি, হরমুজ প্রণালিতে দুটি বাণিজ্যিক জাহাজ আটক করার অভিযানের পর যুক্তরাষ্ট্র প্রথমে হামলা শুরু করে। জাহাজ দুটি ট্র্যাকিং সিস্টেম বন্ধ করে অবৈধভাবে চলাচল করছিল এবং আন্তর্জাতিক নৌপথে ঝুঁকি তৈরি করেছিল বলে অভিযোগ করেছে আইআরজিসি।

আইআরজিসি আরও জানিয়েছে, পাল্টা অভিযানের দ্বিতীয় ধাপে বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটির কয়েকটি স্থাপনায় হামলা চালানো হয়েছে। তাদের দাবি, সেখানে হেলিকপ্টার রক্ষণাবেক্ষণ কেন্দ্র, পি–৮ বিমান রাখার হ্যাঙ্গার এবং একটি মার্কিন ড্রোনের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার লক্ষ্যবস্তু করা হয়।

এ ছাড়া কুয়েতের আলি আল-সালেম বিমানঘাঁটির জ্বালানি ট্যাংক ও প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং আহমেদ আল-জাবের বিমানঘাঁটির একটি কৌশলগত রাডার ব্যবস্থা ধ্বংস করার দাবি করেছে ইরান। তবে ইরানের এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র, জর্ডান, বাহরাইন বা কুয়েতের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে, হামলার পর বাহরাইন ও কুয়েতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলার পর সাইরেন বাজানো হয়েছে এবং নাগরিকদের নিরাপদ স্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

কুয়েতের সামরিক বাহিনীও জানিয়েছে, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আকাশসীমায় প্রবেশ করা ‘শত্রুপক্ষের লক্ষ্যবস্তু’ মোকাবিলা করেছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলায় অঞ্চলজুড়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তথ্যসূত্র: আল জাজিরা