NEWSTV24
সংসদে মোদিকে তীব্র আক্রমণ অখিলেশ যাদবের
বুধবার, ২২ জুলাই ২০২৬ ১৭:৫৭ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের সহিংস অভিযানের জেরে ভারতের পার্লামেন্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে তীব্র তোপ দেগেছেন সমাজবাদী পার্টির (এসপি) প্রধান অখিলেশ যাদব। আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি নির্যাতনের পূর্ণ দায়ভার কেন্দ্র সরকারকেই নিতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

বুধবার লোকসভায় বিরোধী দলের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখার সময় এসপি প্রধান বলেন, "আপনারা যদি শিক্ষার্থীদের ন্যায়সংগত কথা না শোনেন, তবে তারা রাজপথে নামতে বাধ্য হবেই।"

শিক্ষার্থীদের প্রতি পুলিশের বর্বরতার চিত্র তুলে ধরে অখিলেশ অভিযোগ করেন, বিক্ষোভ দমনে নারী শিক্ষার্থীদের ওপর নির্মম নিপীড়ন চালানো হয়েছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, "ছাত্রীদের পোশাক ছিঁড়ে ফেলা হয়েছে, লাঠিচার্জে রক্তঝরেছে অনেকের, ভেঙে দেওয়া হয়েছে হাত-পা। শিক্ষার্থীদের সাথে কি এভাবে আচরণ করা হয়?" সরাসরি প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি প্রশ্ন তোলেন, "আপনারা কি আমাদের মেয়েদের কাপড় ছিঁড়ে দেবেন? এভাবেই কি তাদের সম্মান রক্ষা করা হচ্ছে?"

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিরোধী নেতাদের বিক্ষোভে অংশ নেওয়ার প্রেক্ষাপট ব্যাখ্যা করে অখিলেশ যাদব বলেন, প্রধানমন্ত্রী সংসদে বক্তব্য দিতে অস্বীকৃতি জানানোতেই তাদেরকে রাজপথে নামতে হয়েছে। তিনি বলেন, "প্রধানমন্ত্রী যদি সংসদের বাইরে এসব বিষয়ে কথা বলতে পারেন, তবে সার্বভৌম পার্লামেন্টের ভেতরে দাঁড়িয়ে কথা বলতে সমস্যা কোথায়?"

উল্লেখ্য, শিক্ষার্থীদের ওপর পুলিশি নিপীড়নের প্রতিবাদে মঙ্গলবার লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভকালে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং অখিলেশ যাদবসহ বেশ কয়েকজন শীর্ষ বিরোধী নেতাকে আটক করেছিল পুলিশ। সে বিষয়ে ইঙ্গিত করে তিনি বলেন, "আমরা শিক্ষার্থীদের কণ্ঠস্বর তুলে ধরতেই সেখানে গিয়েছিলাম। প্রধানমন্ত্রী সংসদে আমাদের কথা শুনলে বাসভবনের সামনে যাওয়ার প্রয়োজন হতো না।"

ইতোমধ্যে বিরোধী দলগুলো শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং ঘটনার বিষয়ে সরাসরি প্রধানমন্ত্রীর ব্যাখ্যা দাবি করেছে। প্রতিবাদস্বরূপ বুধবার কংগ্রেসসহ বিরোধী দলের সংসদ সদস্যরা কালো পোশাক পরিধান করে লোকসভার অধিবেশনে যোগ দেন।

অন্যদিকে, কেন্দ্র সরকারের পক্ষ থেকে পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মন্ত্রী কিরেন রিজিজু জানান, সরকার নিট (NEET) ইস্যুসহ শিক্ষার্থীদের যেকোনো বিষয়ে আলোচনায় প্রস্তুত। তবে বিরোধীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় থেকে আলোচনা বিলম্বিত করছে বলে পাল্টা অভিযোগ করেন তিনি।