নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির আপত্তি এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেফতারি পরোয়ানা সত্ত্বেও আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সফর নিয়ে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি না থাকলে সেখানে যেতে তাঁর কোনো আপত্তি নেই বলেও জানিয়েছেন তিনি।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে গতকাল রোববার নেতানিয়াহু এসব কথা বলেন। তিনি জানান, সেপ্টেম্বরে নিউইয়র্কে অনুষ্ঠেয় জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। নিরাপত্তাজনিত বড় কোনো সমস্যা না থাকলে প্রায় প্রতিবছরই তিনি এই সম্মেলনে অংশ নিয়েছেন বলেও উল্লেখ করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।
এর আগে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী আখ্যা দিয়ে বলেছিলেন, নিউইয়র্ক শহরে তাঁকে স্বাগত জানানো হবে না। একই সঙ্গে আইসিসির জারি করা গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে মার্কিন প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছিলেন তিনি।
তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র সফরের সময় নেতানিয়াহুকে কোনোভাবেই গ্রেফতার করা হবে না। সফরকালে তাঁকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে বলেও জানিয়েছেন ট্রাম্প।
নেতানিয়াহুর নিউইয়র্ক সফর ঘিরে মূল বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে আইসিসির গ্রেফতারি পরোয়ানা। গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০২৪ সালের নভেম্বরে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত।
নেতানিয়াহু ও ইসরায়েল অবশ্য এসব অভিযোগ অস্বীকার করে আসছে। অন্যদিকে, আইসিসির পরোয়ানা কার্যকর করা নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানও দীর্ঘদিন ধরে বিতর্কের বিষয় হয়ে আছে। তথ্যসূত্র: মিডল ইস্ট মনিটর, ব্লুমবার্গ