NEWSTV24
রাজনৈতিক বার্তা দিতে রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত জোট
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ০৯:১৯ পূর্বাহ্ন
NEWSTV24

NEWSTV24

সংসদে সংখ্যাগরিষ্ঠতা না থাকায় পরাজয় নিশ্চিত জেনেও জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিচ্ছে রাজনৈতিক বার্তা দিতে। জোটটির নেতারা বলেছেন, তাদের মূল লক্ষ্য জুলাই জাতীয় সনদকে আলোচনায় রাখা।জোট গঠনের সময়ে এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রমকে জামায়াত কথা দিয়েছিল তাঁকে রাষ্ট্রপতি প্রার্থী করা হবে। এ প্রতিশ্রুতি রক্ষা করাও রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেওয়ার একটি কারণ। সংসদে প্রয়োজনীয়সংখ্যক ভোট না থাকায় অলি আহমদের কাছে জানতে চাওয়া হয়েছিল, এ পরিস্থিতিতে তিনি প্রার্থী হবেন কিনা। তিনি আগ্রহী হওয়ায় জামায়াত নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয়। দলটির মূল্যায়ন এর মাধ্যমে একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাকে সম্মান দিয়ে নিজেদের পক্ষে রাখা যাবে।স্বাধীনতার বিরোধিতার কারণে জামায়াত নিয়মিত বিএনপি ও অন্যান্য দলের আক্রমণের শিকার হচ্ছে। ১১ দল এবং জামায়াতের চারজন নেতা বলেছেন, এই আক্রমণ ঠেকাতে মুক্তিযোদ্ধা এবং কওমি ঘরানার আলেমদের বিশেষ ছাড় দিয়ে পাশে রাখা হয়েছে। স্বাধীনতার প্রথম দিনে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ এবং স্বাধীনতা ঘোষণায় অলি আহমদের ভূমিকা রয়েছে। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহচর ছিলেন তিনি। বিএনপি জিয়াউর রহমানের ভাবমূর্তিকে রাজনীতিতে যতটা কাজে লাগানোর চেষ্টা করবে, এর কিছুটা হলেও অলি আহমদের মাধ্যমে জামায়াত নিজের দিকে আনতে পারবে।

১১ দলের নেতারা অবশ্য বলছেন, জয়-পরাজয় নয়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণে নির্বাচনে প্রার্থী দেওয়া তাদের কাছে গুরুত্বপূর্ণ। অতীতে টানা সাতবার রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। এ ধারা ভেঙে গণতান্ত্রিক চর্চা শুরু করতে নির্বাচনে প্রার্থী দেওয়া হচ্ছে।সংবিধানের ৪৮(১) অনুচ্ছেদে বলা হয়েছে, বাংলাদেশের একজন রাষ্ট্রপতি থাকিবেন, যিনি আইন অনুযায়ী সংসদ-সদস্যগণ কর্তৃক নির্বাচিত হইবেন। ১৯৯১ সালের রাষ্ট্রপতি নির্বাচন আইন অনুযায়ী সংসদের ৩৫০ জন সদস্য (এমপি) এই নির্বাচনের ভোটার।আইনের ১০ ধারা অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরা প্রকাশ্যে ভোট দেবেন। ১০(৩) ধারায় বলা হয়েছে, প্রত্যেকটি ব্যালট পেপারের দুটি অংশ থাকবে। তাতে ভোটারের নাম ও বিভক্তি সংখ্যা থাকবে। রাষ্ট্রপতি পদপ্রার্থীদের নামের পাশে ভোটাররা স্বাক্ষরের মাধ্যমে ভোট দেবেন। ১০(৪) ধারা অনুযায়ী, প্রত্যেক ভোটার নির্দিষ্ট ব্যালটের কাউন্টার ফয়েলে নিজ নাম স্বাক্ষর করবেন।সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, এমপিরা দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে পদ বাতিল হবে। তাই রাষ্ট্রপতি নির্বাচনে কেউ দলীয় প্রার্থীর বিপক্ষে ভোট দিলে পদ বাতিল হতে পারে। বর্তমান সংসদে জামায়াত জোটের এমপি ৯০ জন। বিএনপির এককভাবে রয়েছে ২৪৭ জন এমপি। রাষ্ট্রপতি নির্বাচিত হতে প্রয়োজন ১৭৫ ভোট। এই সমীকরণে বিএনপির প্রার্থীর জয় নিশ্চিত।

অলি আহমদকে প্রার্থী করা প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হওয়ার কথা গোপন ব্যালটে। কিন্তু ১৯৯১ সালের রাষ্ট্রপতি নির্বাচন আইনে প্রকাশ্যে ভোটের কথা বলা হয়েছে। বিএনপিসহ সব দল গোপন ব্যালটে নির্বাচনে একমত ছিল। গণতান্ত্রিক ব্যবস্থায় প্রকাশ্য ভোট হতে পারে না। সংবিধান সংস্কারের আগে শুধু আইন সংশোধন করে গোপন ব্যালটে ভোট করা সম্ভব। ১১ দল এবং এনসিপি চায়, জুলাই সনদ অনুযায়ী নির্বাচন হোক। কিন্তু বিএনপি আর সবকিছুর মতো রাষ্ট্রপতি নির্বাচনেও জুলাই সনদ মানছে না। এটি তুলে ধরা রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার একটি কারণ। এর মাধ্যমে রাজনৈতিক বার্তা দিচ্ছে ১১ দল।