NEWSTV24
মেয়েদের অনার্স পর্যন্ত বিনা বেতনে পড়ার ব্যবস্থা করব: প্রধানমন্ত্রী
সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ০৯:১১ পূর্বাহ্ন
NEWSTV24

NEWSTV24

দেশের মেয়েদের অনার্স পর্যন্ত বিনা বেতনে পড়ার ব্যবস্থা করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তিও দেওয়া হবে। দেশের অর্ধেক জনসংখ্যা নারী উল্লেখ করে তিনি বলেন, নারীদের স্বাবলম্বী করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।  রোববার বিকেলে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড, পুরস্কার, ভাতা ও অনুদান প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের অর্ধেক জনসংখ্যা নারী। সেই কারণে আমরা নির্বাচনের আগে বলেছিলাম, ফ্যামিলি কার্ড দেব। পরিবারের প্রধান নারীর হাতে আমরা ফ্যামিলি কার্ড তুলে দিচ্ছি। আমরা নারীদের অনার্স পর্যন্ত বিনা বেতনে পড়ার ব্যবস্থা করব। মেধাবীদের বৃত্তি প্রদান করব।প্রধানমন্ত্রী বলেন, সরকার গঠনের পর ১৩ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফ করা হয়েছে।এর আগে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যান প্রধানমন্ত্রী। ঢাকা থেকে সড়কপথে প্রথমে পাকুন্দিয়া উপজেলা পৌঁছান। সেখানের মির্জাপুর চেয়ারম্যান বাড়িঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন এবং মৎস্য চাষিদের মধ্যে পোনা বিতরণ করেন। এ সময় ১৪ জন সফল মৎস্য চাষিকে পদক দেওয়া হয়। সেখানে তিনি ব্রহ্মপুত্র নদের ওপর সেতু নির্মাণের আশ্বাসও দেন।

পরে কটিয়াদী উপজেলার আচমিতা এলাকার জর্জ ইনস্টিটিউশন মাঠে সুধী সমাবেশে মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বলেন, দেশের চাহিদা পূরণে মাছের উৎপাদন বাড়াতে হবে। পরিত্যক্ত বিল ও নদী সংস্কার করে সরকারি উদ্যোগে মাছ চাষ করা হবে। মাছের উৎপাদন বাড়ানোর মাধ্যমে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব। এ ছাড়া সাড়ে ৭ হাজার একর জমিতে চিংড়ি উৎপাদনের একটি উদ্যোগ নেওয়া হয়েছে।পরে কর্মসূচির সময়সূচিতে পরিবর্তন এনে বিকেল ৫টার দিকে কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে যান প্রধানমন্ত্রী। সেখানে ১৪টি পরিবারকে ফ্যামিলি কার্ড, ১৫ জন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিকে সম্মানি ভাতা, ১০ জন জটিল রোগী, ১৭ জন প্রতিবন্ধী, পাঁচজন দুস্থ ব্যক্তি এবং ১০ জন মেধাবী শিক্ষার্থীকে আর্থিক অনুদান দেওয়া হয়।এ ছাড়া সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের ৪৫৭ নারী উপকারভোগীর কাছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ফ্যামিলি কার্ডের অর্থ পাঠানো হয়। এ সময় মাস্টার্স পাস প্রতিবন্ধী আনিছুর রহমানের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী।সন্ধ্যা ৭টার দিকে প্রধানমন্ত্রী ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে যান। সেখানে ১৭ কোটি টাকা সরকারি অর্থায়নে গৃহীত উন্নয়নকাজের ফলক উন্মোচন করেন। পরে ছাত্রদলের পক্ষ থেকে দুটি নিমগাছের চারা রোপণ করেন। এরপর সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি।বিভিন্ন অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ, সমাজকল্যাণমন্ত্রী এজেডএম জাহিদ হোসেন, জেলা বিএনপির সভাপতি ও বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম এমপি এবং কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দীনসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।