NEWSTV24
বিজ্ঞাপনে এআইয়ের ব্যবহার নিয়ে জেন এআই ক্রিয়েটিভ লার্নিং সেশন
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ০৮:৫৮ পূর্বাহ্ন
NEWSTV24

NEWSTV24

বিজ্ঞাপনের দুনিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের প্রবণতা দ্রুত বাড়ছে। এআইয়ের প্রসারের সঙ্গে বিজ্ঞাপনী সংস্থাগুলোর কাজের ধরনও বদলে যাচ্ছে। এই পরিবর্তনের সঙ্গে এজেন্সিগুলোকে পরিচিত করাতে অ্যাডভার্টাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এএএবি) এবং বাংলাদেশে গুগল ও টিকটকের অফিসিয়াল পার্টনার আলেফের যৌথ উদ্যোগে জেনারেটিভ এআই নিয়ে দিনব্যাপী বিশেষ সেশনের আয়োজন করা হয়েছে।গত ১১ আগস্ট রাজধানীর একতা কো-ওয়ার্কিংয়ে এএএবির সদস্য বিজ্ঞাপনী সংস্থাগুলোর জন্য এ সেশনের আয়োজন করা হয়।আয়োজকেরা জানান, বিজ্ঞাপনী সংস্থাগুলোর কাজ থেকে শুরু করে ব্র্যান্ডের ব্যবসা বাড়ানো সব ক্ষেত্রেই এজেন্সিগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ফলে এআইয়ের দ্রুত প্রসারের সঙ্গে বিজ্ঞাপনের কাজের ধরনও পরিবর্তিত হচ্ছে। সেই পরিবর্তনের সঙ্গে এজেন্সিগুলোকে পরিচিত করানো এবং নতুন প্রযুক্তি ব্যবহারে দক্ষতা তৈরিই ছিল আয়োজনটির মূল উদ্দেশ্য।

সেশনে জেন এআই ক্রিয়েটিভ হ্যাকাথন ফর গুগল প্রোডাক্টস এবং টিকটক ট্রেন্ডস স্টার্ট হিয়ার শীর্ষক দুটি পর্ব ছিল। গুগলের বিভিন্ন টুল ব্যবহার করে এআইয়ের সাহায্যে বিজ্ঞাপনের কাজ কীভাবে আরও দ্রুত ও সৃজনশীলভাবে করা যায়, সে বিষয়ে ব্যবহারিক ধারণা দেওয়া হয়। পাশাপাশি টিকটকে নতুন ট্রেন্ড তৈরি এবং সেসব ট্রেন্ড বিজ্ঞাপনের কাজে কীভাবে ব্যবহার করা যায়, তা নিয়েও আলোচনা করা হয়।অনুষ্ঠানের সূচনা করেন আলেফ ডিজিটালের বাংলাদেশ ও শ্রীলঙ্কার কান্ট্রি ডিরেক্টর এহসানুল হক। তিনি বলেন, প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে বিজ্ঞাপন এবং ব্র্যান্ডের যোগাযোগের ধরনও বদলে যাচ্ছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে বিজ্ঞাপনী পেশাজীবীদের নতুন দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দেন তিনি।আয়োজকেরা বলেন, জেনারেটিভ এআইয়ের ব্যবহার বিজ্ঞাপন তৈরির প্রক্রিয়াকে আরও দ্রুত, কার্যকর ও সৃজনশীল করে তুলতে পারে। এ ধরনের প্রশিক্ষণ ও ব্যবহারিক সেশনের মাধ্যমে বিজ্ঞাপনী সংস্থাগুলো নতুন প্রযুক্তির সম্ভাবনা সম্পর্কে ধারণা পাওয়ার পাশাপাশি নিজেদের কাজের ক্ষেত্রে এর প্রয়োগের সুযোগ তৈরি করতে পারবে।