ইরানের দক্ষিণাঞ্চলের লারাক দ্বীপে আকস্মিক মার্কিন হামলার ফলে সাময়িক নীরবতা ভেঙে মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। রোববার রাতে যুক্তরাষ্ট্রের ওই হামলার জেরে গতকাল সোমবার জর্ডানে অবস্থিত দুটি মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের আল মিনহাদ বিমান ঘাঁটিতেও হামলার দাবি করেছে তেহরান। তবে আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইরানের দাবিকে ভিত্তিহীন বলে খারিজ করে দিয়েছে।
লারাক দ্বীপে হামলায় দুজন নিহত
যুক্তরাষ্ট্রের এক সামরিক কর্মকর্তার বরাতে রয়টার্স জানায়, গত রোববার রাতে মার্কিন বাহিনী লারাক দ্বীপে ইরানি সামরিক কাঠামোর ওপর আঘাত হানে এবং তাদের দুটি রকেট লঞ্চার ধ্বংস করে। গত জুলাইয়ের শেষভাগের পর ইরানের ভূখণ্ডে এটিই প্রথম মার্কিন হামলা। কেশম অঞ্চলের গভর্নরের বরাত দিয়ে ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ জানিয়েছে, গভীর রাতে লারাক দ্বীপে হওয়া ওই হামলায় অন্তত দুজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বার্তায় দাবি করেছে, হরমুজ প্রণালিতে মাইন স্থাপনে ইরানের চেষ্টা নস্যাৎ করতেই সীমিত এই প্রতিরক্ষামূলক পদক্ষেপ নিয়েছে তারা।
জর্ডানে ইরানের পাল্টা আঘাত
রোববার রাতের হামলার জবাবে গতকাল স্থানীয় সময় ভোরে জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে সমন্বিত আঘাত হানে ইরানের সশস্ত্র বাহিনী। আইআরজিসির বিবৃতিতে জানানো হয়, পানিশমেন্ট অব অ্যাগ্রেসর শীর্ষক বিশেষ অভিযানে জর্ডানের কিং হুসেইন এবং আল আজরাক মার্কিন ঘাঁটিতে আক্রমণ চালানো হয়। এতে ঘাঁটির অবকাঠামো ও যুদ্ধবিমান মোতায়েন কেন্দ্রের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। তবে জর্ডানের সামরিক বাহিনী হামলার কথা স্বীকার করলেও ক্ষয়ক্ষতি বা হতাহতের দাবি প্রত্যাখ্যান করেছে।আমিরাতের আকাশসীমায় ড্রোন; বিমান ঘাঁটিতে হামলার দাবি ইরান দাবি করেছে, তারা সংযুক্ত আরব আমিরাতের আল মিনহাদ বিমান ঘাঁটিতেও হামলা চালিয়েছে। তবে আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই দাবিকে ভিত্তিহীন বলে খারিজ করে দেয়। পরে পৃথক এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আঞ্চলিক জলসীমায় ইরান থেকে আসা একটি ড্রোন সফলভাবে প্রতিহত করা হয়েছে। আকাশসীমা লঙ্ঘনকে নিজেদের সার্বভৌমত্বের জন্য হুমকি আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছে দেশটি।
যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, পেজেশকিয়ানের বার্তা
উদ্ভূত পরিস্থিতিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান প্রতিক্রিয়া জানিয়ে বলেন, তেহরান কখনোই এই অঞ্চলে যুদ্ধ বা অস্থিরতা চায় না। তবে যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে তাদের করা প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। পেজেশকিয়ান বলেন, ইরান কোনো বহিরাগত আগ্রাসনের মুখে চুপ থাকবে না এবং নিজেদের রক্ষার জন্য নির্দ্বিধায় সিদ্ধান্তমূলক জবাব দেবে।এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি একটি ভিডিও ট্রুথ সোশ্যালে পোস্ট করে দাবি করেন, ইরানের অর্থনৈতিক কেন্দ্র খার্গ দ্বীপ গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। তবে বার্তা সংস্থা রয়টার্স ও তথ্য যাচাইকারী সংস্থাগুলো নিশ্চিত করেছে, ভিডিওটি ভুয়া এবং বাস্তবে খার্গ দ্বীপে হামলার বিষয়ে কোনো তথ্য নেই।
হরমুজ প্রণালিতে ট্যাঙ্কারে আগুন, ড্রোন ভূপাতিত
উত্তেজনার মধ্যেই আইআরজিসি জানিয়েছে, হরমুজ প্রণালির নিষিদ্ধ পথ দিয়ে যাওয়ার সময় দুটি সামুদ্রিক মাইনের সঙ্গে ধাক্কা লেগে একটি তেলের ট্যাঙ্কারে আগুন লেগে গেছে। পৃথক ঘটনায় গতকাল সোমবার হরমুজ প্রণালির ওপর একটি মার্কিন দূরপাল্লার ড্রোন গুলি করে পারস্য উপসাগরে ভূপাতিত করার দাবি করেছে ইরান।
তেলের দাম সাড়ে ৩ শতাংশের বেশি
বৃদ্ধি যুক্তরাষ্ট্র ও ইরানের এই প্রত্যক্ষ সামরিক সংঘাতের খবর ছড়াতেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় তিন শতাংশেরও বেশি বেড়েছে। গতকাল আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ব্যারেলপ্রতি ৩ দশমিক ১৫ ডলার বেড়ে ৯১ দশমিক ২৫ ডলারে পৌঁছায় এবং ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ২ দশমিক ৯৬ ডলার বেড়ে ৮৬ দশমিক ৩৬ ডলারে দাঁড়ায়। অর্থনৈতিক বিশ্লেষকরা সতর্ক করেছেন, উত্তেজনা দীর্ঘায়িত হলে বিশ্বজুড়ে জ্বালানি সংকট ও তেলের দাম আরও বাড়তে পারে।