NEWSTV24
হরমুজ প্রণালিতে মার্কিন জলযানে হামলার দাবি ইরানের
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ০৯:২৬ পূর্বাহ্ন
NEWSTV24

NEWSTV24

হরমুজ প্রণালিতে একটি মার্কিন জলযানে হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইরানি বাহিনীর দাবি, জলযানটি হরমুজ প্রণালির একটি সুরক্ষিত এলাকায় প্রবেশের চেষ্টা করছিল। বার্তাসংস্থা আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, তাদের নৌবাহিনী একটি দূরনিয়ন্ত্রিত মার্কিন ড্রোন বোটকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে হামলায় ড্রোন বোটটি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ইরানি বাহিনী।বিবৃতিতে আইআরজিসি হরমুজ প্রণালিকে ইরানের নিয়ন্ত্রণাধীন কৌশলগত জলপথ হিসেবে উল্লেখ করে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলা হয়, মার্কিন বাহিনীকে অঞ্চলটি ছেড়ে যেতে হবে এবং তাদের শত্রুতামূলক কর্মকাণ্ড পরিত্যাগ করতে হবে।

আইআরজিসি আরও সতর্ক করে বলেছে, ইরানের নিয়ন্ত্রিত এলাকায় যেকোনো ধরনের অনুপ্রবেশের জবাব কঠোরভাবে দেওয়া হবে।বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি। পারস্য উপসাগর থেকে আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাস পরিবহনের ক্ষেত্রে এই জলপথের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ফলে সেখানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক উত্তেজনা বাড়লে আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বৈশ্বিক নৌ-বাণিজ্যে এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।তবে আইআরজিসির এই হামলার দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।