NEWSTV24
সৌদির সামরিক ঘাঁটিতে হামলার দাবি হুতিদের, ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ১১:২২ পূর্বাহ্ন
NEWSTV24

NEWSTV24

সৌদি আরবের দক্ষিণাঞ্চলের জাজান অঞ্চলে একটি অজ্ঞাত বস্তু আঘাত হেনেছে। এতে দুজন আহত হয়েছেন এবং কয়েকটি ভবন ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সৌদি আরবের বেসামরিক সুরক্ষা বিভাগ গতকাল শনিবার এ তথ্য জানিয়েছে।তবে ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা দাবি করেছে, তারা সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান প্রদেশের শারুরাহ এলাকায় একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে ওই হামলা চালিয়েছে।সৌদি বেসামরিক সুরক্ষা বিভাগের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শনিবার জাজান অঞ্চলের আল-তুওয়াল গভর্নরেটে অজ্ঞাত বস্তুটি আঘাত হানে। এটি ক্ষেপণাস্ত্র নাকি ড্রোন-তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা হয়নি।বেসামরিক সুরক্ষা বিভাগের মুখপাত্র বলেন, ঘটনার পর জরুরি পরিস্থিতি মোকাবিলায় নির্ধারিত ব্যবস্থা নেওয়া হয়েছে। বেসামরিক স্থাপনায় এ ধরনের হামলা আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলেও মন্তব্য করেন তিনি।হুতিদের পক্ষ থেকে বলা হয়েছে, সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান প্রদেশের শারুরাহ এলাকার একটি সামরিক ঘাঁটি ছিল তাদের হামলার লক্ষ্য। তবে হামলায় সামরিক ঘাঁটির কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা।

সাম্প্রতিক দিনগুলোয় সৌদি আরবের দক্ষিণাঞ্চলে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বেড়েছে। গত মঙ্গলবার আবহা, খামিস মুশাইত, জাজান ও নাজরান শহরের বিভিন্ন স্থাপনায় হামলা চালানোর দাবি করে হুতিরা। এসব হামলায় নারী ও শিশুসহ ৭৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে।ইয়েমেনে দীর্ঘদিন ধরে হুতি বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘাত চলছে। সৌদি আরব ইয়েমেন সরকারের পক্ষে হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে আসছে। জাতিসংঘের মধ্যস্থতায় করা একটি চুক্তির পর কয়েক বছর ধরে পরিস্থিতি তুলনামূলকভাবে শান্ত ছিল। তবে গত জুলাই থেকে ওই অঞ্চলে আবারও উত্তেজনা বেড়েছে।এর মধ্যে গত শুক্রবার হুতিরা ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূলের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে। এর আগে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখা দখল করার কথাও জানায় তারা।হুতিরা গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ বাব আল-মানদেব প্রণালি পুরোপুরি বন্ধ করে দেওয়ারও হুমকি দিয়েছে। হরমুজ প্রণালির বিকল্প হিসেবে ব্যবহৃত এই জলপথ আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ।অন্যদিকে ইয়েমেনের সরকারি বাহিনী আল-জাওফ, মারিব ও আল-বায়দা এলাকায় হুতিদের বিরুদ্ধে নতুন করে অভিযান শুরু করেছে।আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও স্থানীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সংঘাতে পাঁচ শতাধিক মানুষ নিহত হয়েছেন এবং হাজারো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।ইয়েমেনের পরিস্থিতি নিয়ে চলতি মাসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকও হয়েছে। জাতিসংঘের ইয়েমেনবিষয়ক বিশেষ দূত হ্যান্স গ্রুন্ডবার্গ সতর্ক করে বলেছেন, দেশটি যুদ্ধের নতুন ও আরও বিপজ্জনক পর্যায়ের দিকে এগিয়ে যাচ্ছে।