বায়ুদূষণের মাত্রার দিক থেকে বিশ্বের শীর্ষ দূষিত শহরগুলোর তালিকায় আজ চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ১৬৭। এই মাত্রার বায়ুকে অস্বাস্থ্যকর হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে।সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের ওয়েবসাইটে প্রকাশিত তাৎক্ষণিক তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে। তালিকায় ২২৫ স্কোর নিয়ে সবচেয়ে দূষিত শহরের অবস্থানে রয়েছে কঙ্গোর রাজধানী কিনশাসা। এরপর ২০১ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর। ১৬৮ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা।অন্যদিকে, ১৫৪ স্কোর নিয়ে তালিকার পঞ্চম অবস্থানে রয়েছে মালয়েশিয়ার আরেক শহর কুচিং।আইকিউএয়ারের সূচক অনুযায়ী, কোনো শহরের বায়ুমান ০ থেকে ৫০-এর মধ্যে থাকলে সেটিকে ভালো মানের বাতাস ধরা হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত স্কোরকে মাঝারি বা সহনীয় হিসেবে বিবেচনা করা হয়।স্কোর ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল মানুষের জন্য বাতাস অস্বাস্থ্যকর হিসেবে গণ্য হয়। ১৫১ থেকে ২০০ পর্যন্ত হলে সেটি সরাসরি অস্বাস্থ্যকর শ্রেণিতে পড়ে। ২০১ থেকে ৩০০ স্কোরকে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি স্কোরকে দুর্যোগপূর্ণ বায়ু হিসেবে চিহ্নিত করা হয়।সে হিসাবে মঙ্গলবার সকালে ঢাকার ১৬৭ স্কোর শহরটির বায়ুমানের অস্বাস্থ্যকর পরিস্থিতিই নির্দেশ করছে।