NEWSTV24
ডিজেল সরবরাহ বন্ধের শঙ্কায় গাজার ২০টির বেশি হাসপাতাল
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১০:০৬ পূর্বাহ্ন
NEWSTV24

NEWSTV24

অর্থসংকটের কারণে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে গাজার ২০টির বেশি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে ডিজেল সরবরাহ বন্ধ করে দেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বুরশ এ তথ্য জানিয়েছেন। বার্তাসংস্থা আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় আল-বুরশ সতর্ক করে বলেন, এই সিদ্ধান্ত গাজার স্বাস্থ্যব্যবস্থায় নতুন সংকট ও আরও শ্বাসরোধের পরিস্থিতি তৈরি করবে। বর্তমানে যেসব অল্প পরিমাণ জ্বালানি পাওয়া যাচ্ছে, তা দিয়েই স্বাস্থ্যকেন্দ্রগুলো কোনোভাবে সচল রাখা হচ্ছে।আল-বুরশ পৃথক এক পোস্টে বলেন, ডিজেল সরবরাহ বন্ধ হলে শুধু হাসপাতালের জেনারেটর বন্ধ হবে না; অস্ত্রোপচারকক্ষ ও নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) অচল হয়ে পড়বে। ভেন্টিলেটর ও অক্সিজেন সরবরাহ ব্যবস্থাও বন্ধ হয়ে যেতে পারে। এতে ইনকিউবেটরে থাকা নবজাতক, ডায়ালাইসিস নেওয়া রোগী, আহত ব্যক্তি এবং দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত মানুষ গুরুতর ঝুঁকিতে পড়বেন।

তিনি আরও বলেন, জ্বালানি সংকটে অ্যাম্বুলেন্স সেবা এবং ওষুধ ও টিকার সংরক্ষণব্যবস্থার কোল্ড চেইন ও অচল হয়ে পড়বে। এটি কেবল সাময়িক জ্বালানি সংকট নয়; বরং হাসপাতালগুলোকে সম্পূর্ণ বন্ধের দিকে ঠেলে দেওয়া এবং রোগীদের প্রতিরোধযোগ্য মৃত্যুর ঝুঁকিতে ফেলার আরেকটি পদক্ষেপ।ডব্লিউএইচও, দাতা সংস্থা ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন আল-বুরশ।তবে এ বিষয়ে ডব্লিউএইচওর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।