NEWSTV24
Nusrat Fateh Ali Khan ঢাকায় আয়োজন করা হচ্ছে বিশেষ সংগীতসন্ধ্যা ‘শাম-ই-নুসরাত’
সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ১৮:৫৭ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

বিশ্বজুড়ে সুফি সংগীত ও কাওয়ালির কিংবদন্তি শিল্পী উস্তাদ নুসরাত ফতেহ আলি খানের জন্মদিন উপলক্ষে ঢাকায় আয়োজন করা হচ্ছে বিশেষ সংগীতসন্ধ্যা ‘শাম-ই-নুসরাত’। তার কালজয়ী গান ও সংগীতের প্রতি শ্রদ্ধা জানাতে এ আয়োজন করা হয়েছে।

আগামী ২৩ অক্টোবর, শুক্রবার, রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে এই সংগীতসন্ধ্যা। এতে সংগীত পরিবেশন করবে বাংলাদেশের জনপ্রিয় সুফি ব্যান্ড ‘ক্বারার—দ্য সুফি ব্যান্ড’। 

বাংলাদেশের সংগীতাঙ্গনে নিজস্ব পরিবেশনা, সুফি সংগীতের প্রতি গভীর অনুরাগ এবং স্বতন্ত্র সংগীতধারার মাধ্যমে ইতোমধ্যে বিশেষ অবস্থান তৈরি করেছে ‘ক্বারার—দ্য সুফি ব্যান্ড’। দেশীয় সংগীতের আবহে সুফি ও কাওয়ালির ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক মানের পরিবেশনার মাধ্যমে শ্রোতাদের ভিন্নধর্মী সংগীতের অভিজ্ঞতা উপহার দিয়ে আসছে ব্যান্ডটি।

আয়োজক প্রতিষ্ঠান উম্মিদ ইভেন্টস জানিয়েছে, নুসরাত ফতেহ আলী খানের জন্মদিন এবং সংগীতে তার চিরন্তন অবদান উদ্‌যাপন করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। আয়োজকদের প্রত্যাশা, সন্ধ্যাটি কেবল একটি সংগীতানুষ্ঠানে সীমাবদ্ধ থাকবে না; বরং সুফি সংগীত, সংস্কৃতি ও সম্প্রীতির এক বিশেষ মিলনমেলায় পরিণত হবে।

আয়োজনের অংশ হিসেবে থাকবে উদ্বোধনী পর্ব, ব্র্যান্ড পরিচিতি পর্ব, শায়েরি, সুফি কাওয়ালি পরিবেশনা ও সুফি নৃত্য। এ ছাড়া দর্শনার্থীদের জন্য বিভিন্ন স্টল ও বিশেষ ফটো বুথের ব্যবস্থাও থাকবে।

আয়োজকদের ভাষ্য, নান্দনিক পরিবেশ ও সহজে যাতায়াতের সুবিধাসম্পন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হতে যাওয়া ‘শাম-ই-নুসরাত’ সংগীতপ্রেমীদের জন্য স্মরণীয় এক সুফি সংগীতের অভিজ্ঞতা হয়ে উঠবে।

উম্মিদ ইভেন্টস আয়োজিত এই সংগীতসন্ধ্যায় ‘ক্বারার—দ্য সুফি ব্যান্ড’-এর পরিবেশনার মধ্য দিয়ে শ্রদ্ধাভরে স্মরণ করা হবে এমন এক কিংবদন্তিকে, যার কণ্ঠস্বর আজও বিশ্বের কোটি কোটি মানুষের হৃদয়ে অনুরণন তোলে।

উস্তাদ নুসরাত ফতেহ আলি খান ছিলেন কাওয়ালি ও সুফি সংগীতের অন্যতম প্রভাবশালী শিল্পী। তার অসাধারণ কণ্ঠ ও অনন্য পরিবেশনার মাধ্যমে কাওয়ালি বিশ্বজুড়ে নতুন শ্রোতাদের কাছে পৌঁছে যায়। তার অসংখ্য গান ও সংগীত পরিবেশনা আজও বিশ্বজুড়ে সংগীতপ্রেমীদের কাছে সমানভাবে জনপ্রিয়।