NEWSTV24
চকবাজারের আগুন ৯ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, শতকোটি টাকা ক্ষতির দাবি
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ০৯:৩৬ পূর্বাহ্ন
NEWSTV24

NEWSTV24

পুরান ঢাকার চকবাজারের মোগলটুলি এলাকার মনসুর খান প্লাজায় লাগা ভয়াবহ আগুন টানা ৯ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টার দিকে সূত্রপাত হওয়া এই আগুন দিবাগত রাত ২টার দিকে নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে এরই মধ্যে ভবনটির ছয়তলায় থাকা বিভিন্ন পণ্যের গুদাম সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এই অগ্নিকাণ্ডে তাদের কয়েক কোটি টাকার মালামাল ভস্মীভূত হয়েছে।ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৫টার দিকে ভবনের ছয়তলার গুদাম থেকে আগুনের সূত্রপাত হয় এবং খবর পেয়ে ৫টা ২২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। ভবনটিতে ভ্যানিটি ব্যাগ, ছাতা, প্রসাধনী সামগ্রী ও গ্যাসলাইটারের মতো দাহ্য পণ্যের পাইকারি দোকান ও গুদাম থাকায় আগুন দ্রুত পঞ্চম ও সপ্তম তলায় ছড়িয়ে পড়ে।আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাসহ প্রায় আড়াইশ মানুষ যোগ দেন।

দীর্ঘ সময় ধরে ধোঁয়া ও উত্তাপের মধ্যে কাজ করতে গিয়ে দুই ফায়ার ফাইটার অসুস্থ হয়ে পড়লে তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান জানান, ভবনের নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থার অভাব, গুদামে বিপুল পরিমাণ দাহ্য পদার্থের উপস্থিতি এবং মোগলটুলির সরু রাস্তার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসকে চরম বেগ পেতে হয়েছে। আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি।এদিকে, রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম। এমন ঝুঁকিপূর্ণ ভবনের জন্য রাজউকের গাফিলতিকে দায়ী করেন তিনি। একই সঙ্গে পুরান ঢাকায় অগ্নিকাণ্ডের সময় পানির সংকট দূর করতে এলাকার টিকে থাকা পুকুরগুলো সংরক্ষণ এবং ড্রেনেজ ব্যবস্থা নতুন করে সংস্কারের আশ্বাস দেন ডিএসসিসি প্রশাসক।