NEWSTV24
একশ ছাড়াল ফ্লাইট বাতিলের সংখ্যা সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, দেশে আটকা সাড়ে ৫ হাজার যাত্রী
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ১৬:০৭ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

ফ্লাইট বাতিল হওয়ায় সৌদি আরবে কর্মস্থলে ফেরা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে  বৃহস্পতিবার পর্যন্ত বিভিন্ন এয়ারলাইনসের মোট ১০৩টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ১৫ হাজার ৭৭৯ যাত্রী ভোগান্তিতে পড়েছেন।এমনই ভোগান্তির শিকার টাঙ্গাইলের দেলদুয়ারের সৌদি প্রবাসী বাবলু ভূঁইয়া। সৌদি আরবের দাম্মামে একটি বেসরকারি প্রতিষ্ঠানে সাত বছর ধরে কাজ করছেন তিনি। ১৪৫ দিনের ছুটি শেষে বৃহস্পতিবার সৌদি আরবে ফেরার কথা ছিল তাঁর। এ জন্য গ্রামের বাড়ি থেকে ঢাকার বিমানবন্দরে এসেছিলেন। কিন্তু নির্ধারিত ফ্লাইট বাতিল হওয়ায় অনিশ্চয়তায় পড়েছেন তিনি।আজ সকাল ১১টা ১০ মিনিটে কাতার এয়ারওয়েজের কিউআর ৬৪১ ফ্লাইটে দোহা হয়ে দাম্মামে যাওয়ার কথা ছিল বাবলুর। ফ্লাইট ছাড়ার প্রায় তিন ঘণ্টা আগে বিমানবন্দরে পৌঁছে জানতে পারেন, তাঁর ফ্লাইট বাতিল হয়েছে। এরপর বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের ২ নম্বর গেটের ড্রাইভওয়ে এলাকায় বসে মাথায় হাত দিয়ে চিন্তায় মগ্ন ছিলেন তিনি।বাবলু জানান, গত ২ সেপ্টেম্বর ছুটিতে দেশে এসেছিলেন। ছুটি শেষে কর্মস্থলে ফেরার জন্য আজ গ্রামের বাড়ি থেকে বিমানবন্দরে আসেন। সেখানে পৌঁছানোর পর কাতার এয়ারওয়েজের কর্মীরা তাঁকে ফ্লাইট বাতিলের বিষয়টি জানান। একই সঙ্গে ভিসার বিষয়ে সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গে যোগাযোগ করতে বলেন। এখন ফ্লাইট বাতিলের বিষয়টি কোম্পানিকে জানানোর চেষ্টা করছেন তিনি।ফ্লাইট বাতিল হওয়ায় নিজের পাশাপাশি বিমানবন্দরে তাঁকে বিদায় জানাতে আসা ছেলে রায়হানও ভোগান্তিতে পড়েছে বলে জানান বাবলু।আজ বিমানবন্দর ঘুরে যাত্রী ও তাঁদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, বাবলুর মতো সৌদি আরবগামী বিভিন্ন ফ্লাইটের শত শত যাত্রী ভোগান্তিতে পড়েছেন। ফ্লাইট বাতিল হওয়ায় অনেকে কর্মস্থলে ফেরা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।এ বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ কাউছার মাহমুদ জানান,আজ বেলা ২টা পর্যন্ত সৌদিগামীসহ বিভিন্ন এয়ারলাইনসের আরও তিনটি ফ্লাইট বাতিল হয়েছে। এ নিয়ে বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ১০৩টিতে। এসব ফ্লাইটের ১৫ হাজার ৭৭৯ যাত্রী ভোগান্তিতে পড়েছেন।বিমানবন্দর সূত্র জানায়, সৌদি আরবের রিয়াদসহ কয়েকটি স্থানে হুতিদের বোমা হামলার ঘটনা অব্যাহত থাকলেও বাংলাদেশ থেকে সৌদি আরবগামী ওমরাহযাত্রীদের যাত্রা চলছে। বিমানবন্দরে কয়েকজন ওমরাহযাত্রী বলেন, আল্লাহর নামে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাচ্ছেন তাঁরা। তাঁদের বিশ্বাস, মহান সৃষ্টিকর্তা আল্লাহই তাঁদের হেফাজত করবেন।