যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ওরেগনের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় তিন শিশু ও এক শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার এ হামলার ঘটনায় আরও এক শিশু ও এক শিক্ষক গুরুতর আহত হয়েছেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, হামলাকারী ১৬ বছর বয়সী এক কিশোর। পরে অস্ত্রধারী এক স্থানীয় বাসিন্দার গুলিতে সে নিহত হয়।ওরেগনের বেন্ড শহরের সিলভার রেইল এলিমেন্টারি স্কুলে এ হামলার ঘটনা ঘটে। শহরটিতে প্রায় এক লাখ মানুষের বসবাস।বেন্ড পুলিশের প্রধান মাইক ক্রান্টজ সাংবাদিকদের জানান, আগ্নেয়াস্ত্রধারী এক ব্যক্তি একাধিকবার গুলি চালিয়েছেন এমন অভিযোগ জানিয়ে এক ব্যক্তি ফোন করলে পুলিশ প্রথম হামলার খবর পায়। পরে স্কুলে হামলাকারী প্রবেশ করেছে জানিয়ে জরুরি নম্বরে একের পর এক ফোন আসতে থাকে। এরপর ওই এলাকার সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ঘটনাস্থলে পাঠানো হয়।পুলিশপ্রধান জানান, স্থানীয় সময় দুপুর ১টা ২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান কর্মকর্তারা। এর কিছুক্ষণ পর এক কর্মকর্তা জানান, স্কুলে ঢোকা হামলাকারীকে ধাওয়া করে ভেতরে প্রবেশ করা এক স্থানীয় বাসিন্দা গুলি করেছেন। পরে পুলিশ সদস্যরা ভবনে ঢুকে হামলাকারীকে মৃত অবস্থায় পান।
নিহত তিন শিশুর বয়স ছিল ৫, ৮ ও ১১ বছর। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। গুরুতর আহত সাত বছর বয়সী এক শিশু ও ৫৪ বছর বয়সী এক শিক্ষককে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।পুলিশপ্রধান বলেন, হামলাকারী বেন্ড শহরের বাসিন্দা। তদন্তের প্রাথমিক পর্যায়ে ধারণা করা হচ্ছে, তালাবদ্ধ দরজায় গুলি চালিয়ে সে জোর করে স্কুলে প্রবেশ করেছিল।এর আগে পুলিশের এক মুখপাত্র জানিয়েছিলেন, সিলভার রেইল এলিমেন্টারি স্কুলে ৪০০ থেকে ৪৫০ জন শিক্ষার্থী পড়াশোনা করে। সেখানে কর্মরত আছেন ৪০ জনের বেশি কর্মী।হামলার পর স্কুলে জরুরি অবরুদ্ধ অবস্থা জারি করা হয়। শুক্রবার স্কুল ডিস্ট্রিক্টের সব বিদ্যালয়ে ক্লাস ও অন্যান্য কার্যক্রম বাতিল করা হয়েছে।