দক্ষিণ আফ্রিকার রাগবি দল লায়ন্সের হয়ে চ্যাম্পিয়নস কাপের ম্যাচ খেলতে ফ্রান্সে যাওয়ার পর জোহানেসবার্গের হোটেলে মৃত্যু হয়েছে সাবেক সেল শার্কসের দ্বিতীয় সারির খেলোয়াড় হাইরন অ্যান্ড্রুজের। শনিবার লা রোশেলের বিপক্ষে ম্যাচের আগে এই মর্মান্তিক ঘটনা ঘটে। তার বয়স হয়েছিল ৩১ বছর।
দক্ষিণ আফ্রিকার রাগবি ইউনিয়নের এক বিবৃতিতে অ্যান্ড্রুজের মৃত্যুকে ‘দুর্ঘটনা’ হিসেবে উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘পড়ে গিয়ে’ তার মৃত্যু হয়েছে।
ঘটনাটি তদন্ত করছে লা রোশেলের সরকারি কৌঁসুলির দপ্তর। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, গোসলখানায় থাকা অবস্থায় হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন অ্যান্ড্রুজ।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন লায়ন্সের প্রধান নির্বাহী রুডলফ স্ট্রয়েলি। তিনি বলেন, ‘হাইরনের মৃত্যুতে আমরা শোকাহত। তিনি শুধু প্রতিভাবান একজন রাগবি খেলোয়াড়ই ছিলেন না, চলতি মৌসুমে আমাদের দলে যোগ দেওয়ার পর অল্প সময়েই লায়ন্স পরিবারের প্রিয় সদস্য হয়ে উঠেছিলেন।’
তিনি আরও বলেন, ‘আমাদের চেয়ারম্যান আল্টমান অ্যালার্স, পরিচালনা পর্ষদ এবং লায়ন্স পরিবারের সবার পক্ষ থেকে হাইরনের স্ত্রী মেইগলিন, তাদের দুই ছোট ছেলে হেনড্রিক্স ও এমারসন এবং পরিবারের অন্য সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এই কঠিন সময়ে আমরা তাদের পাশে আছি। গভীর ভালোবাসা ও শ্রদ্ধার সঙ্গে হাইরনকে স্মরণ করব।’
অ্যান্ড্রুজের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে লা রোশেলের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি খেলবে লায়ন্স। ব্রিটিশ গ্রীষ্মকালীন সময় অনুযায়ী বিকেল সাড়ে পাঁচটায় ম্যাচটি শুরু হওয়ার কথা।
আয়োজক সংস্থা ইপিসিআর জানিয়েছে, চ্যাম্পিয়নস কাপের প্রথম পর্বের সব ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হবে। একই সঙ্গে অ্যান্ড্রুজের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে সংস্থাটি।
দক্ষিণ আফ্রিকার রাগবি ইউনিয়নের সভাপতি মার্ক আলেকজান্ডার বলেন, ‘এটি অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক খবর। হাইরনের পরিবার এবং লায়ন্সের পুরো রাগবি পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা।’
তিনি আরও বলেন, ‘আমরা যে কতটা মর্মাহত এবং তার স্ত্রী মেইগলিনসহ পরিবারের সদস্য, বন্ধু, সতীর্থ ও প্রিয়জনদের প্রতি কতটা সহমর্মিতা অনুভব করছি, তা ভাষায় প্রকাশ করা কঠিন। অকালেই তার চলে যাওয়া এক অপূরণীয় ক্ষতি। যারা তাকে চিনতেন ও ভালোবাসতেন, তাদের সবার শোকের অংশীদার আমরা।’