NEWSTV24
৩০ নভেম্বরের মধ্যে ইউপি চেয়ারম্যান প্রার্থীর তালিকা দিতে এনসিপির নির্দেশনা
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ০৮:২৬ পূর্বাহ্ন
NEWSTV24

NEWSTV24

আগামী ৩০ নভেম্বরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রার্থীদের তালিকা দিতে তৃণমূলকে নির্দেশনা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।আজ বুধবার দুপুরে ইউনিয়ন আহ্বায়ক কমিটি গঠন ও এনসিপি সমর্থিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী নির্ধারণসংক্রান্ত দিকনির্দেশনায় এসব বিষয় উল্লেখ করা হয়েছে।একই সঙ্গে জেলা থেকে ওয়ার্ডপর্যায় পর্যন্ত কোনো ধরনের কমিটিতে চলমান শিক্ষার্থীদের না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এসব শিক্ষার্থীকে দলটির অঙ্গসংগঠন ছাত্রশক্তিতে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া ৩০ বছরের কম বয়সী কাউকে এনসিপির কোনো কমিটিতে না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।নির্দেশনা অনুযায়ী, জেলা কমিটির তত্ত্বাবধানে এবং উপজেলা কমিটির নেতৃত্বে আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রতিটি ইউনিয়নে আহ্বায়ক কমিটি গঠন করতে হবে। ৩১ থেকে ৫১ সদস্যের কমিটিকে পূর্ণাঙ্গ কমিটি হিসেবে গণ্য করা হবে। ৩১ জনের কম হলে তা আংশিক কমিটি হিসেবে প্রকাশ করতে হবে। তবে আংশিক কমিটিতে ন্যূনতম ১১ জন সদস্য থাকতে হবে। এ ধরনের কমিটি প্রকাশের ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে।

ইউনিয়ন কমিটিতে প্রত্যেক ওয়ার্ড থেকে সমতার ভিত্তিতে সদস্য অন্তর্ভুক্ত করতে হবে। পাশাপাশি প্রতিটি কমিটিতে নারী, ভিন্ন ধর্মাবলম্বী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব জনসংখ্যার অনুপাতে নিশ্চিত করার চেষ্টা করতে হবে।৩০ বছরের কম বয়সী যারা চলমান শিক্ষার্থী নন, তারা যুবশক্তি, স্বেচ্ছাসেবক শক্তিসহ দলের অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনে কাজ করবেন। ইউনিয়ন আহ্বায়ক হওয়ার ন্যূনতম বয়সসীমা ৩৫ বছর। তবে ৪০ বছর বা তার বেশি বয়সীদের অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। সদস্যসচিব হওয়ার ক্ষেত্রে ন্যূনতম বয়সসীমা ৩০ বছর নির্ধারণ করা হয়েছে।এ ছাড়া স্থানীয়ভাবে পরিচিত, মানুষের কাছে গ্রহণযোগ্য, সৎ, দেশপ্রেমিক, সচ্ছল ও সুশিক্ষিত ব্যক্তিদের নেতৃত্বে অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা রয়েছে।এনসিপির পূর্ণাঙ্গ কমিটি গঠনের নীতিমালা অনুযায়ী মহানগর ও জেলা কমিটি হবে ১০১ সদস্যবিশিষ্ট। উপজেলা, পৌরসভা ও থানা কমিটি হবে ৭১ সদস্যবিশিষ্ট। ইউনিয়ন কমিটি হবে ৫১ সদস্যবিশিষ্ট এবং ওয়ার্ড কমিটি হবে ৩১ সদস্যবিশিষ্ট।