NEWSTV24
চাপের মুখে কঠোর কর্মসূচি থেকে সরে এলেন এমপিও শিক্ষকরা!
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ ০৮:৫৮ পূর্বাহ্ন
NEWSTV24

NEWSTV24

তিন দফা দাবি আদায়ে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েও শেষ পর্যন্ত পিছু হটলেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।বুধবার (৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে বড় জমায়েত করে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিলেন তারা। তবে সরকারের বিভিন্ন মহলের চাপ, শিক্ষক নেতার বিরুদ্ধে তদন্ত এবং দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে সেই কর্মসূচি থেকে সরে এসেছেন বলে অভিযোগ উঠেছে।নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অবস্থান কর্মসূচির বদলে একই দিন জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোট।মঙ্গলবার (৩ নভেম্বর) জোটের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ সম্মেলনের আমন্ত্রণপত্রে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়েছে, বুধবার বেলা ১১টা ৩০ মিনিটে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে শিক্ষক-কর্মচারীদের পূর্বঘোষিত তিন দফা দাবি তুলে ধরা হবে।কর্মসূচি পরিবর্তনের বিষয়ে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, দেশের আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে আমরা আউটডোর (বাইরে) কর্মসূচি থেকে সরে এসে ইনডোর (ভেতরে) কর্মসূচি করার সিদ্ধান্ত নিয়েছি। আশা করি, সরকার আমাদের তিন দফা দাবি দ্রুত পূরণ করবে। এরপরও যদি দাবি আদায় না হয়, তাহলে পরবর্তীসময়ে আমরা আবার কঠোর কর্মসূচি দেবো।

শিক্ষক নেতাদের অভিযোগ, অবস্থান কর্মসূচি ঘোষণার পর থেকেই বিভিন্নভাবে তাদের ওপর চাপ তৈরি করা হচ্ছিল। এর মধ্যে জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীর বিরুদ্ধে ঘুস গ্রহণ, জাল সনদে চাকরি করাসহ নানা অভিযোগ তুলে মাদরাসা শিক্ষা অধিদপ্তর তদন্ত কমিটি গঠন করে। বিষয়টি আন্দোলন দমনের চেষ্টা হিসেবে দেখছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের নেতাদের দাবি, দেশের বিভিন্ন স্থানে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলন ঘিরে অস্থিরতা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে সারা দেশের ৫০-৬০ হাজার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীকে ঢাকায় এনে আন্দোলন করলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে সরকারের বিভিন্ন মহল থেকে তাদের সতর্ক করা হয়েছে।তাদের আরও অভিযোগ, বড় জমায়েতের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এসব কারণে শিক্ষক ও কর্মচারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। শেষ পর্যন্ত বড় জমায়েতের পরিবর্তে সংবাদ সম্মেলনের মতো সীমিত কর্মসূচি বেছে নেওয়া হয়েছে। তবে সরকারি চাপ ও গোয়েন্দা সংস্থার হুঁশিয়ারিসংক্রান্ত অভিযোগগুলোর সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে গত ২৬ অক্টোবর তিন দফা দাবিতে আন্দোলনের ঘোষণা দেয় এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। প্রথমে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালনের পরিকল্পনা করা হয়। পরে স্থান পরিবর্তন করে জাতীয় প্রেস ক্লাবের সামনে কর্মসূচি নির্ধারণ করা হয়।এর মধ্যেই গত ২৯ অক্টোবর রাতে জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীর বিরুদ্ধে জাল সনদে চাকরি ও ঘুস বাণিজ্যসহ বিভিন্ন অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়।তবে অধ্যক্ষ আজিজী অভিযোগ অস্বীকার করে তদন্তের সময় নিয়ে প্রশ্ন তোলেন। তার দাবি, শিক্ষক-কর্মচারীদের আন্দোলনের ঘোষণা দেওয়ার পরই তাকে হয়রানির উদ্দেশ্যে তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিবাদী কণ্ঠ স্তব্ধ করতেই এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।