রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার ঢাকায় অন্তত পাঁচটি স্থানে এবং মানিকগঞ্জে চারটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এ ছাড়া রাজধানীর ফার্মগেট ও মিরপুরে দুটি বাসে এবং গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রায় দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দেওয়া হয়েছে। একই দিন পোস্তগোলা ব্রিজের ওপর একটি রিকশাভ্যানেও আগুন ধরিয়ে দেওয়া হয়।এসব ঘটনায় এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ফার্মগেটে বাসে আগুনের ঘটনায় মেট্রোরেল স্টেশনে ধোঁয়া ছড়িয়ে পড়লে যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। নিরাপত্তার কারণে প্রায় আধা ঘণ্টা বন্ধ রাখা হয় স্টেশনটি।এদিকে বনশ্রী ও ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া গত কয়েকদিনের বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে হামলার ঘটনায় রাজধানীতে পৃথক অভিযানে আরও ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিভিন্ন স্থানে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পতিত শক্তি এখানে অস্থিরতা সৃষ্টির জন্য মাঝে মধ্যে কিছু বাসে এবং কিছু স্থাপনায় আক্রমণ করছে। এটা পুলিশ আইনানুগভাবে ব্যবস্থা নেবে, কঠোরভাবে দমন করবে। এটা যারাই করুক, এরা সবাই দুষ্কৃতকারী।সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।ফার্মগেটে বাসে আগুন, বন্ধ ছিল মেট্রোরেল স্টেশন সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে লাভলী পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটে। এ সময় বাসটিতে চালক, সহকারী বা কোনো যাত্রী ছিলেন না। ফলে হতাহতের ঘটনা ঘটেনি। এছাড়া মিরপুরে সন্ধ্যার পর আরেকটি বাসেও আগুন দেওয়ার ঘটনা ঘটে।ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রোজিনা আকতার জানান, সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ফার্মগেটে বাসে আগুন লাগার খবর পান তারা। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। সন্ধ্যা ৭টা ৯ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় সূত্র বলছে, বাসটি সেখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। বাসটির পাশেই ছিল মেট্রোরেল স্টেশনের ডিজেল জেনারেটর। সেখানে প্রায় এক হাজার লিটার ডিজেল মজুত ছিল। আগুন সেখানে ছড়িয়ে পড়লে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।জ্বলন্ত বাস থেকে মেট্রোরেল স্টেশনে ধোঁয়া ঢুকে পড়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে তাড়াহুড়া করে স্টেশন থেকে বেরিয়ে যান। নিরাপত্তার কারণে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফার্মগেট স্টেশন বন্ধ করে দেওয়া হয়। এ সময় যাত্রীদের স্টেশনে প্রবেশ ও বের হওয়া বন্ধ ছিল। পরে সন্ধ্যা ৭টা ২ মিনিটে আবার মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়।ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, বাসটিতে কীভাবে আগুন দেওয়া হয়েছে, তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। সিসিটিভি ফুটেজ দেখে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।এদিকে সন্ধ্যা পৌনে ৭টার দিকে পোস্তগোলা ব্রিজের ওপর একটি রিকশাভ্যানে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।ঢাকায় বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ সোমবার সকাল থেকে রাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সকাল সোয়া ৬টার দিকে বনশ্রীর জি-ব্লকে একটি ককটেল বিস্ফোরিত হয়। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সমকালকে বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শ্রাবণ সরদার ও রবিন নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
এর আগে সকাল ৬টার দিকে মহাখালীর আমতলীতে উড়ালসড়কের ওপর থেকে একটি ককটেল ছোড়া হয়। বনানী থানার ওসি মো. সালাহউদ্দীন জানান, মোটরসাইকেলে আসা দুই যুবক উড়ালসড়ক থেকে ককটেলটি ছুড়ে মারেন। সেটি বিস্ফোরিত হলেও কেউ হতাহত হননি।সন্ধ্যায় ঢাকার সিএমএম আদালতের ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে মোটরসাইকেলসহ দুজনকে আটক করা হয়। তারা হলেন মো. ফয়সাল ও সুকুমার হালদার। তাদের কাছ থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় আরেকটি ককটেল বিস্ফোরিত হয়। এ ঘটনায় দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। তারা হলেন জাবির সালেহীন দিপু ও আব্দুল্লাহ আল জোবায়ের।ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ইসরাফিল রতন বলেন, আটক একজনের ব্যাগে ককটেলসদৃশ বস্তু পাওয়া গেছে। তবে সেগুলোতে মারাত্মক কোনো বিস্ফোরক উপাদান ছিল না।এ ছাড়া সন্ধ্যায় মিরপুরে সরকারি বাঙলা কলেজের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় ফটকের পাশে থাকা কয়েকটি দোকানে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।এর আগে রোববার রাত পৌনে ১২টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলের সাউথইস্ট ইউনিভার্সিটি এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।