NEWSTV24
সউদীতে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, বাহরাইনে জরুরি সতর্কতা জারি
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ১৩:০০ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

সউদী আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে হুথিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করার দাবি করেছে সউদী নেতৃত্বাধীন সামরিক জোট। একই সময়ে দেশটির পূর্বাঞ্চলে দুটি ড্রোনও ধ্বংসের কথা জানিয়েছে জোট। অন্যদিকে, সম্ভাব্য নিরাপত্তা হুমকির আশঙ্কায় বাহরাইনে সতর্কতা জারি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (১৫ নভেম্বর) জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পৃথক পোস্টে এসব তথ্য জানান। তাঁর ভাষ্য অনুযায়ী, রিয়াদ লক্ষ্য করে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সউদী আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা শনাক্ত করে ধ্বংস করেছে। এ ছাড়া দেশটির পূর্বাঞ্চলে দুটি ড্রোনও ভূপাতিত করা হয়েছে।

এদিকে, সম্ভাব্য বিপদের আশঙ্কায় রাজধানী রিয়াদে জরুরি সতর্কতা জারি করেছিল সউদী আরবের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা। পরে পৃথক বার্তায় সংস্থাটি জানায়, বিপদের আশঙ্কা কেটে গেছে। তবে বাসিন্দাদের নিরাপত্তাসংক্রান্ত নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি কোথাও জড়ো না হওয়া এবং ছবি বা ভিডিও ধারণ করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।

অন্যদিকে, বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও সম্ভাব্য নিরাপত্তা হুমকির বিষয়ে সতর্কতা জারি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় দেশটির নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকার এবং নিকটতম নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। জননিরাপত্তার স্বার্থে সরকারি সূত্র থেকে প্রকাশিত তথ্য অনুসরণ করতেও বলা হয়েছে। তবে বাহরাইনে কী ধরনের হুমকির আশঙ্কা করা হচ্ছে, সে বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।